ভিক্ষাবৃত্তি বন্ধ করতে পদক্ষেপ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুসারে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এ আদেশ দেন। ‘শিশুদের পঙ্গু করে নামানো হচ্ছে ভিক্ষায়’ শিরোনামে গত ৩০ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে তিনটি দৈনিকের প্রতিবেদন গতকাল আদালতের নজরে আনেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান। ওই প্রতিবেদন পর্যালোচনা করে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। প্রতিবেদনে নিয়ামুল নামে সাত বছরের শিশুকে উদ্ধার ও কোরবান নামে এক আসামিকে গ্রেপ্তারের বর্ণনা রয়েছে। নিয়ামুলের দেহের ক্ষতচিহ্ন তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, তার অঙ্গহানি ঘটিয়ে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়।এ ব্যাপারে এলিনা খান প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত ও অগ্রগতি জানাতে কামরাঙ্গীরচর এবং কদমতলী থানার ভারপ্রাপ্ত ও তদন্তকারী কর্মকর্তাকে ৫ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। ওই দিন নিয়ামুল ও তার বাবাকেও আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনার বর্ণনার জন্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল হোসেনকেও হাজির হতে বলা হয়েছে। আর সাত দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও উপকমিশনার (পশ্চিম) এবং কামরাঙ্গীরচর ও কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাব দিতে বলা হয়েছে। ওই শিশুর অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার এ ঘটনা তদন্তে স্বরাষ্ট্রসচিবকে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও করতে বলা হয়েছে। এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি রবিউল ও ওমর ফারুকসহ চারজনকে কেন গ্রেপ্তার করা হয়নি এবং মামলার অগ্রগতি কী, তা-ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে।শিশুদের পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের প্রতিবাদ: শিশুদের পঙ্গু করে ভিক্ষায় নিয়োগকারী সন্ত্রাসীচক্রকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে তিনটি সংগঠন গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, শিশু নির্যাতনের এ ধরনের বর্বরোচিত ঘটনা সভ্য সমাজে হতে পারে না। তাঁরা শিশুদের ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা বন্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, প্রজন্ম বাঁচাও এবং অপরাজেয় বাংলাদেশ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।