ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাস্তায় ভিক্ষাবৃত্তি বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে অবিলম্বে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকায় নিয়ামুল নামে এক শিশুর অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষা করতে বাধ্য করার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (তদন্ত কর্মকর্তা) নুরুল আলমের বিরুদ্ধে বিভাগীয় ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ওই মামলার তদন্তে ন্যূনতম পুলিশ সুপারের পদমর্যাদার নিচে নন এমন কর্মকর্তাকে নিয়োগ দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ১৮ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে ভিক্ষাবৃত্তি বন্ধে কমিটি গঠন ও এর কার্যক্রমের অগ্রগতি স্বরাষ্ট্রসচিবকে জানাতে বলা হয়েছে। সার্বিক বিষয়ের অগ্রগতি শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আদালত। এর আগে গত ৩০ ডিসেম্বর ‘শিশুদের পঙ্গু করে নামানো হচ্ছে ভিক্ষায়’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে তিনটি দৈনিকের প্রতিবেদন ২ জানুয়ারি আদালতের নজরে আনেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান। ওই প্রতিবেদন পর্যালোচনা করে আদালত ২ জানুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে মামলার তদন্ত ও অগ্রগতি জানাতে কামরাঙ্গীরচর ও কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তাকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। নিয়ামুল ও তার বাবা এবং ওই ঘটনার বর্ণনার জন্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল হোসেনকেও হাজির হতে বলা হয়।গতকাল র্যাব ও পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা হাইকোর্টে হাজির হন। এ সময় আদালত পুলিশ কর্মকর্তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন।