ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনা পুনঃ তদন্তে কমিটি গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু নিয়ামুলের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনা পুনরায় তদন্ত করতে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটিতে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাখতে বলা হয়েছে। আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে কমিটি গঠন করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।জানা যায়, ২০১০ সালের ৩০ ডিসেম্বর ‘শিশুদের পঙ্গু করে নামানো হচ্ছে ভিক্ষায়’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে তিনটি দৈনিকের প্রতিবেদন পরের বছরের ২ জানুয়ারি আদালতের নজরে আনেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান। শুনানি নিয়ে আদালত ওইদিন স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে ওই শিশুর অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনা তদন্তে স্বরাষ্ট্রসচিবকে কমিটি করতে বলা হয়।সূত্র জানায়, গত বছরের ৩১ জানুয়ারি বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা দানকারী হিসেবে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্লাস্ট ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পক্ষভুক্ত হয়। আদালতের নির্দেশনা অনুসারে মন্ত্রণালয়ের কমিটি চলতি বছরের ২৪ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে। এ বিষয়ে দুই ধরনের তথ্য উঠে এসেছে উল্লেখ করে আসকের পক্ষে পুনরায় তদন্তের আরজি জানানো হয়।আদালতে আসকের পক্ষে আইনজীবী এ এম আমিনউদ্দিন শুনানি করেন। তাঁকে সহায়তা করেন আসকের আইনজীবী আবু ওবায়দুর রহমান ও অবন্তী নূরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে অবন্তী নূরুল প্রথম আলো অনলাইনকে বলেন, নিয়ামুলের ঘটনায় করা মামলায় র্যাবের দাখিল করা অভিযোগপত্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদনে দুই ধরনের তথ্য উঠে এসেছে। পর্যালোচনা করে আদালত স্বরাষ্ট্রসচিবকে পুনরায় তদন্তের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।