ভিক্ষুক জরিপ অনুষ্ঠিত
ভিক্ষা করে প্রতিদিন গড়ে ২০০ টাকার বেশি পাওয়া যায়। এই হিসাবে মাসে আয় কমপক্ষে ছয় হাজার টাকা। কয়েকজন ভিক্ষুক জানালেন, তাঁরা এই টাকা নগদ পেলে আর ভিক্ষা করবেন না।শুক্রবার অনুষ্ঠিত হওয়া ভিক্ষুক জরিপের লক্ষ্য কাউকে নগদ টাকা দেওয়া নয়। ভিক্ষুকদের পুনর্বাসন, উপার্জনের পথ দেখানো এবং কারিগরি শিক্ষা দেওয়া। তবে অক্ষম, প্রতিবন্ধী ও পঞ্চাশোর্ধ্ব বয়সের ভিক্ষুকদের সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা শহরের ৪০০টি স্থানে সকাল থেকে শুরু হয় ভিক্ষুক জরিপ। ১০টি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই জরিপ চালানো হয়। প্রত্যেক ভিক্ষুক পেয়েছেন ২৫ টাকা। এই টাকা পেয়ে অনেকে জরিপকর্মীদের সঙ্গে মন খুলে কথা বলেছেন। তাঁদের ছবি ও নাম-ঠিকানা সংরক্ষণ করা হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আজ ১০টি বেসরকারি সংস্থা ১০ হাজার ভিক্ষুকের নাম-ঠিকানা জোগাড় করেছে। এদের মধ্য থেকে দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। আজ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিরপুর সড়কে যাওয়ার মোড়ে কথা হয় দুজন ভিক্ষুকের সঙ্গে। গাইবান্ধার কাসেম জানালেন, ঢাকায় ১০-১৫ দিন ভিক্ষা করে তিনি বাড়ি যান। সেখানে কিছুদিন থেকে আবার ঢাকায় আসেন। এই উপার্জন দিয়ে স্ত্রী ও প্রতিবন্ধী শিশুর খরচ চালান। দুর্ঘটনায় তিনি নিজেও একটি পা হারিয়েছেন। তিনি জানান, দৈনিক তাঁর আয় হয় ২০০ টাকার ওপর। ভোলার রতন (৬৮) গত ১১ বছর ঢাকায় ভিক্ষা করছেন। বললেন, ঘরবাড়ি নদীতে চলে গেছে। স্ত্রী-সন্তান কেউ নেই। তিনি জানান, সরকার থাকার জায়গা ও ভরণপোষণ দিলে ভিক্ষা করা ছেড়ে দেবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৮১ ধারা অনুযায়ী ভিক্ষা করা শাস্তিযোগ্য অপরাধ। গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ঢাকা শহরে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করতে ডিএমপি কমিশনারকে সুয়োমোটো রুল জারি করেন। কয়েকটি মানবাধিকার সংগঠন ভিক্ষুক জরিপের প্রতিবাদ জানিয়ে এটা বন্ধের দাবি তুলেছে। ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র-আসক, অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট-এডিসি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট এবং নিজেরা করি এ বিষয়ে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চেয়ে বলেছে, এ ধরনের ভিক্ষুক জরিপ মানবাধিকারের পরিপন্থী। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিক্ষুক সেলের প্রধান (যুগ্ম সচিব) গাজী মোহাম্মদ জুলহাস প্রথম আলোকে বলেন, এটা পরীক্ষামূলক প্রকল্প। তাই রাজধানীর সব ভিক্ষুকের সংখ্যা এই জরিপের মাধ্যমে জানা যাবে না। অক্টোবরে এই জরিপের ফল পাওয়া যাবে। এরপর দেশজুড়ে ভিক্ষুক জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।