ভিক্ষুক জরিপ ও পুনর্বাসনে দেশে প্রথম প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী এক কর্মসূচিতে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ভিক্ষুক জরিপ এবং তাদের পুনর্বাসনে এ টাকা ব্যয় করা হবে। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষের সঠিক সংখ্যা, ভিক্ষাবৃত্তির কারণ ও ধরন জানা এবং তাদের পুনর্বাসন জরিপের উদ্দেশ্য। বেসরকারি সংস্থাগুলোর সহায়তা নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ জরিপ চালাবে। ছয় কোটি ১৫ লাখ টাকা ভিক্ষুক জরিপ এবং তাদের পুনর্বাসনে ছয় কোটি ৩২ লাখ টাকা ব্যয় হবে। দেশের কর্মসংস্থানের প্রধান কেন্দ্র রাজধানী ঢাকার রাস্তায় ভিক্ষুকদের সংখ্যা দিন দিন বাড়ছে। একই অবস্থা চোখে পড়ছে গ্রামেও। চরম অভাবগ্রস্ত মানুষ নিজেরা যেমন ভিক্ষা করছে, তেমনি রয়েছে ভিক্ষুক ব্যবসায়ী চক্রের শিকার শিশুসহ অনেক মানুষ। অনেকে উপার্জনের অন্য চেষ্টা না করে তুলনামূলক সহজ উপায় হিসেবে ভিক্ষা করেই চালিয়ে যাচ্ছে সংসার।সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এপ্রিল থেকে সারা দেশে শুরু হবে এ জরিপ কার্যক্রম। ধারণা করা হয়, বর্তমানে দেশে প্রায় সাত লাখ মানুষ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত রয়েছে। দিন দিন এ সংখ্যা বাড়ছে। সূত্রমতে, জরিপ করা শেষ হলে ভিক্ষাবৃত্তি ছাড়িয়ে ভিক্ষুকদের সুপেয় পানি ও স্যানিটেশন-সুবিধাসহ আবাসন, ভরণপোষণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করা হবে। এ ছাড়া ভিক্ষুকদের কারিগরি প্রশিক্ষণ ও তাদের পরিবারকে সহায়তা দেওয়া হবে। এ ব্যাপারে সমাজকল্যাণ-সচিব কামরুন নেসা খানম প্রথম আলোকে বলেন, ‘ঢাকা শহরে ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ছে। এদের মধ্যে সবাই দুস্থ বা প্রকৃত ভিক্ষুক নয়। একটি সংঘবদ্ধ চক্র অনেককে দিয়ে ভিক্ষা করাচ্ছে। এদের সংখ্যা দিন দিন বাড়ছে। গ্রামেও এদের বিস্তার হয়েছে।’সচিব জানান, জরিপের মাধ্যমে ভিক্ষুকের সংখ্যা জানার পাশাপাশি কারা ভিক্ষুক চক্রের সঙ্গে জড়িত, তাও খোঁজার চেষ্টা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, জরিপের পর ভিক্ষায় নিয়োজিত জনগোষ্ঠীকে ভবঘুরে কেন্দ্র, আশ্রয়ণ, গুচ্ছগ্রাম প্রকল্পে পুনর্বাসন করা সম্ভব হবে।২০০৯-১০ অর্থবছরের বাজেট বক্তৃতাসহ বিভিন্ন সময় অর্থমন্ত্রী ভিক্ষাবৃত্তি নিরসনের কথা বলেছেন। এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও ভিক্ষাবৃত্তি নিরসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জরিপের ধরন: ঢাকা মহানগরকে চারটি জোন এবং বিভাগীয় শহরকে ছয়টি আঞ্চলিক কেন্দ্রে ভাগ করে একযোগে এ জরিপ চালানো হবে। জরিপের মাধ্যমে ভিক্ষুকের প্রকৃত সংখ্যা, লিঙ্গ, বয়স, ঠিকানা, ভিক্ষাবৃত্তির কারণ, ধরন ও তাদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তালিকা তৈরি করা হবে। ঢাকা মহানগরের ভিক্ষুকদের যার যার জেলায় পুনর্বাসন করা হবে। প্রতিবন্ধী ও বয়স্ক ভিক্ষুকদের বয়স্ক-ভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে। বয়স ও সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত জনবলকে দেওয়া হবে ক্ষুদ্রঋণ। স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে বয়স্ক, অক্ষম এবং প্রতিবন্ধী ভিক্ষুকদের। পুনর্বাসন: ভিক্ষুকের ধরন, বয়স এবং সক্ষমতার ভিত্তিতে অস্থায়ী, সক্ষমতা, কর্মসংস্থান ও স্থায়ী—এ চার ভাগে পুনর্বাসন করা হবে। জেলা পর্যায়ে আটটি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে প্রতিটিতে ২৫০ জন করে মোট দুই হাজার ভিক্ষুককে অস্থায়ীভাবে পুনর্বাসন করা হবে। ১২ বছর পর্যন্ত শিশু ভিক্ষুককে প্রাথমিক ও কারিগরি শিক্ষা দিয়ে পুনর্বাসিত করা হবে। ১২ থেকে ৫০ বছরের মধ্যে ভিক্ষুককে যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পঞ্চাশোর্ধ্বদের আশ্রয়ণ ও অন্য আবাসন প্রকল্পে স্থায়ী পুনর্বাসন দেওয়া হবে। সমাজকল্যাণ-সচিবের নেতৃত্বে জাতীয় স্টিয়ারিং কমিটি এ কর্মসূচি বাস্তবায়নে নীতিনির্ধারণ, সমন্বয়সাধন ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সরকারি কর্মকর্তা আকবর আলি খান ভিক্ষুকদের জন্য সরকারের এ উদ্যোগ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এই প্রথম ভিক্ষুকদের জন্য কোনো সরকার কিছু করতে চাইছে, সে জন্য তাদের অবশ্যই স্বাগত জানাই। কিন্তু স্থানীয় সরকার ছাড়া এ ধরনের জরিপ বা পুনর্বাসন—কোনোটিই ঠিকভাবে সম্পন্ন হবে না। কারণ, তারাই প্রকৃতভাবে জানে, কার পুনর্বাসন দরকার, কার নয়।