ভিক্ষুক জরিপের আর্থিক দুর্নীতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
ভিক্ষুক জরিপ ও পুনর্বাসন বিষয়ে এনজিও নির্বাচন এবং এতে কোনো ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে কি না, তা তদন্তে সংসদীয় উপকমিটি গঠন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে এ এন মাহফুজা খাতুনকে (বেবী মওদুদ)। কমিটির অপর দুই সদস্য হলেন আবদুল মজিদ খান ও অপু উকিল। দুই মাসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৈঠক শেষে কমটির সদস্য অপু উকিল প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। ভিক্ষুক জরিপে আর্থিক দুর্নীতি হয়েছে বলে স্থায়ী কমিটির ৭ অক্টোবরের বৈঠকে অভিযোগ তোলা হয়। তার ওপর ভিত্তি করে আজ তদন্ত উপকমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ১০টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নির্বাচন পদ্ধতি, নির্বাচিত এনজিওর অতীত কর্মকাণ্ডের বিবরণ, কোন এনজিওকে কত টাকা দেওয়া হয়েছে, জরিপের কাজ তদারকি হয়েছে কি না, জরিপের কাজ সঠিকভাবে হয়ে থাকলে ঢাকা শহরে ভিক্ষুকের সংখ্যা কমেনি কেন—ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে। আগের বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, ভিক্ষুক জরিপের জন্য নির্বাচিত ১০টি এনজিও টাকা নিলেও তারা সঠিকভাবে কাজ করেনি এবং টাকা খরচ করেনি বলে কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তরও এ কাজ সঠিকভাবে তদারকি করেনি। আরও অভিযোগ করা হয়, দুর্নীতির কারণে বরিশালে অর্থ ছাড় করা হয়নি। অন্য জায়গায়ও কম-বেশি দুর্নীতি হয়েছে, যে কারণে প্রকল্পের বরাদ্দ করা টাকা ব্যয় করা হয়নি। স্থায়ী কমিটি তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এতে কোনো ধরনের দুর্নীতির সংশ্লিষ্টতা না পাওয়া গেলে প্রকল্পের বাকি টাকা ছাড় করার পক্ষে মত দিয়েছে। বৈঠকে সমাজকল্যাণ অধিদপ্তর থেকে জানানো হয়, ভিক্ষুকপ্রতি ২৪০ টাকা হারে ১০টি এনজিওকে ২৪ লাখ টাকা দেওয়া হয়েছে। জরিপের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ভিক্ষুক রয়েছে ময়মনসিংহ, জামালপুর, ঢাকা ও বরিশালে। কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আবদুল মজিদ খান, এ এন মাহফুজা খাতুন ও অপু উকিল উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।