ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি শুরু হচ্ছে জানুয়ারিতে
আগামী মাস অর্থাত্ জানুয়ারির প্রথম সপ্তাহে ময়মনসিংহ থেকে শুরু হচ্ছে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে আজ মঙ্গলবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ঢাকা মহানগরে এক ভিক্ষুক জরিপ চালায়। জরিপে দেখা গেছে, মহানগরের ১০ শতাংশ ভিক্ষুকই ময়মনসিংহ জেলা থেকে আসা। আর ঢাকা শহরের ৮০ দশমিক ৪৮ শতাংশ ভিক্ষুকই পুনর্বাসনের জন্য নিজ জেলায় ফিরে যেতে চান। এ ছাড়া প্রায় ৯৩ শতাংশ ভিক্ষুক সরকারি সহায়তা পেলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতেও আগ্রহ প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী, ময়মনসিংহ জেলা থেকে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি শুরু করা হচ্ছে।সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের জানান, ভিক্ষুকেরা যে কাজে দক্ষ বা যে কাজ করতে চান তাঁদের সেই কাজ দিয়ে পুনর্বাসন করা হবে।সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। চলতি অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে সাত কোটি টাকা বরাদ্দ রয়েছে।