ভিক্ষুকের দেড় হাজার টাকা ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে একাব্বর আলী (৫০) নামে এক ভিক্ষুকের দেড় হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার রাতে জেলা শহরের রামকৃষ্ণ মিশন রোডে এ ঘটনা ঘটেছে। পরে ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় জনতা চার জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।আটক ব্যক্তিরা হলেন— শহরের রিফিউজি কলোনির মজিবুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২০), সাফির ছেলে আবদুস সালাম (৩৫), স্বপন সাহার ছেলে হিরন সাহা (১৬) ও বাবু পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মনির হোসেন (২২)। তবে অভিযোগ উঠেছে, আটক চার জনের মধ্যে তিনজনকে প্রভাবশালী ও রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দিয়ে আবদুস সালামকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একাব্বর আলীর বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি লালমনিরহাটে গিয়ে ভিক্ষা করে গতকাল রাতে রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় রামকৃষ্ণ মিশন রোড এলাকায় ছিনতাইকারীরা তাঁকে ভয় দেখিয়ে ঝুলি থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় একাব্বর আলীর চিত্কারে স্থানীয় লোকজন ছুটে এসে চার ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, সদর থানায় কর্মরত শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) মনছুর আলী বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা করেন। মামলার আসামি আবদুস সালামকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে তিনি প্রভাবশালী পরিবারের সদস্য ও রাজনৈতিক মহলের তদবিরের কারণে আটক অপর তিনজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে মুচলেকা দেওয়ায় ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদেরকে যে কোন সময় ডাকা হবে।