ভিখারিদের ঈদ পুনর্মিলনী
‘বাবা, শুনিছি বড়নোকেরা ফহিরগের (ফকির) কোনো খোঁজখবর রাহে না। কিন্তু আজ হ্যানে আইসে সে ভুল আমার পাল্টে গেছে। ঈদে কেউ একখান গোশ্ত খাতি দেয়নি। আজ হ্যানে আইসে গোশ্ত দিয়ে পেট ভরে দুটো ভাত খাইছি। আমাগের মতো মানষির মধ্যি আইসে বেশ ভালো নাগতেছে।’ যশোরের মনিরামপুর উপজেলার কপোতাক্ষ পাড়ের চাকলা গ্রামের ভিখারি জিহাদ আলী (৮৫) ১৯ নভেম্বর স্থানীয় এম এ গফুরের উদ্যোগে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই তাঁর মনের ভাব প্রকাশ করেন। তাঁর মতো জবেদ আলী (৮৫), শহর আলী (৯৫), আয়েশা বেগম (৭১), কুলসুম বিবিসহ (৭৫) চাকলা, কাঁঠালতলা, হাজরাকাঠি, পারখাজুরা, লক্ষ্মীকান্তপুর, মশ্বিমনগর, হাকিমপুর, কিসমত চাকলা, নোয়ালী, শমসেরবাগ ও রামপুর গ্রামের তিন শতাধিক ভিখারি এ অনুষ্ঠানে যোগ দেন। খাওয়াদাওয়ার পর উপহার হিসেবে তাঁদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে কম্বল। অনুষ্ঠান শেষে ভিখারিদের অংশগ্রহণে শ্লোক বলা ও পুরোনো দিনের গানের আসর বসে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মনিরামপুর উপজেলার কপোতাক্ষ পাড়ের মশ্বিমনগর ইউনিয়নে মোট ১২টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে দিশেহারা। এরই মধ্যে ভিখারিদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মশ্বিমনগরের বাসিন্দা এম এ গফুর ২০০৩ সাল থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। এ জন্য তিনি ১২টি গ্রামের সব ভিক্ষুককে কার্ডের মাধ্যমে দাওয়াত করেন। ১৯ নভেম্বর মশ্বিমনগরে গিয়ে দেখা যায়, গফুর নিজ বাড়ির আঙিনায় শামিয়ানা টানিয়ে ভিখারিদের বসার ব্যবস্থা করেছেন। এ সময় তিনি তাঁদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সুখ-দুঃখের গল্প করেন। পরে তাঁদের সেমাই, মাংস-ভাত ও দোপেয়াজা দিয়ে ভূরিভোজ করান। এরপর গানের আসর শুরু হয়, ‘ও কি গাড়িয়াল ভাই... কত রব আমি পন্থের দিকে চেয়ে’ গান দিয়ে। ভিখারি রহিম বক্স এ গানের দুই চরণ গেয়েই যেন ক্লান্ত। সুখজান বিবি ধরেন রাজা-রানির গল্প। এভাবেই চলে সন্ধ্যা পর্যন্ত আড্ডা। কাঁঠালতলা গ্রামের দেলজান বিবি (৯৫) বলেন, ‘টাহা-পয়সা থাহলি শুধু বড় নোক হওয়া যায় না, গফুরের মতো বড় দিল (মন) থাহা নাগে।’ মশ্বিমনগরের শহর আলী (৯৫) বলেন, ‘আমার জীবনে আর কোনো আশা নাই, গফুর আমাগের যে সম্মান দেলো তা ভুলার নয়, কামনা করি প্রত্যেক ঘরে ঘরে যেন এমন ছাবালের (সন্তান) জন্ম হয়।’ ভিখারিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক এম এ গফুর বলেন, ‘মানবিকতা এবং বিবেকের তাড়নায় আমি ২০০৩ সাল থেকে শুধু ভিখারিদের জন্য এ আয়োজন করে আসছি।’মনিরামপুর কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম বলেন, বছরের একটা দিন গফুর ভিখারিদের জন্য যেটুকু আয়োজন করেন, তা সত্যিই শিক্ষণীয়।