ভিজিডি-ভিজিএফ সুবিধাভোগীর তালিকা রাজনৈতিক বিবেচনায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) মাঠপর্যায়ের সেবা কার্যক্রম বিশেষ করে ভিজিডি (ভারনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) এবং ভিজিএফ (ভারনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির বাস্তব অবস্থার বিষয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিদের সঙ্গে সেবা গ্রহণকারী ব্যক্তিদের ‘মুখোমুখি সংলাপ’ ২২ আগস্ট মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা দুর্নীতিবিরোধী প্রচারণা দল। এ অনুষ্ঠানের মাধ্যমে মাঠপর্যায়ে ভিজিডি-ভিজিএফ, কাবিটা ও বয়স্ক ভাতা কর্মসূচির প্রকৃত চিত্র ফুটে ওঠে। সংলাপ অনুষ্ঠান শুরু হয় ওই দিন বেলা ১১টায়। আগেই মিলনায়তনের আসন পরিপূর্ণ হয়ে যায়। মিলনায়তনে ঠাঁই না হওয়ায় অনেকে বাইরে দাঁড়িয়ে সংলাপ শোনেন। সেবাদানকারীদের সঙ্গে মুখোমুখি বসতে মাগুরা সদর উপজেলা জগদল ইউনিয়নের দূর-দূরান্ত থেকে দুই শতাধিক তৃণমূল নারী-পুরুষ ছুটে আসেন। যাঁদের অধিকাংশই যোগ্য হওয়া সত্ত্বেও ভিজিডি-ভিজিএফ সুবিধাবঞ্চিত। এ ছাড়া সংলাপ অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসেন শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, সাংস্কৃতিক ও মানবাধিকারকর্মী, নারী নেত্রী, জনপ্রতিনিধি, নাগরিক কমিটির নেতারা, সরকারি কর্মকর্তা, সদর উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক। মাগুরা দুর্নীতিবিরোধী প্রচারণা দলের আহ্বায়ক মো. তারিকুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তরিকুল ইসলাম ও জগদল ইউপি চেয়ারম্যান মো. ওলিয়ার রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন দুর্নীতিবিরোধী প্রচারণা দলের সদস্যসচিব কাজী কামরুজ্জামান ও উন্নয়নকর্মী মো. শফিকুল ইসলাম। সংলাপ অনুষ্ঠানে নাগরিক কমিটির পক্ষ থেকে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের ভিজিডি-ভিজিএফ কার্যক্রমের ওপর জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন ইউপি নাগরিক কমিটির সদস্য গোলাম নবী কাজল। প্রতিবেদনে বলা হয়, ভিজিডি-ভিজিএফ কার্ড পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায়! যে কারণে প্রকৃত ব্যক্তিরা সুবিধাবঞ্চিত হন। কার্ড প্রণয়নের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় নেয় ইউপি কর্তৃপক্ষ। কাজের বিনিময় টাকা (কাবিটা) কর্মসূচি সম্পর্কে বেশির ভাগ মানুষের কোনো ধারণা নেই। এই জরিপে ইউপির মোট ১১৩ জন তৃণমূল নারী-পুরুষের মতামত নেওয়া হয়। এ সংলাপ অনুষ্ঠানে জগদল ইউপির অধিবাসী আলাল হোসেন অভিযোগ করেন, তিনি ভিজিডি অথবা ভিজিএফ কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তি। বহুবার ইউপি চেয়ারম্যানের কাছে ঘুরেছেন। কিন্তু চেয়ারম্যান কার্ড করে দেননি। কার্ড করে দেবেন বলে দেড় বছর আগে ইউপির এক চৌকিদার এক হাজার ৫০০ টাকা ঘুষ নিয়েছেন। তার পরও কার্ড হচ্ছে না। অভিযোগের জবাবে ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সাত্তার বলেন, ‘ভিজিডি-ভিজিএফ কার্ড সঠিকভাবে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। পরিষদের কোনো সদস্য এ জন্য কারও কাছ থেকে টাকা-পয়সা নেন বলে অভিযোগ নেই। আলাল হোসেনের অভিযোগ যদি সত্য হয়, তাহলে ওই চৌকিদারের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। লোকমোর্চার সদস্য রেজাউল ইসলাম রানা অভিযোগ করেন, হতদরিদ্রদের জন্য সরকার ভিজিডি-ভিজিএফ সুবিধা নেয়। কিন্তু ওই সুবিধা দিতে গিয়ে দলীয়করণ করা হয়। রাজনৈতিক বিবেচনায় কার্ডপ্রাপ্তদের তালিকা তৈরি করা হয়। তালিকাভুক্ত হওয়া প্রত্যেক দরিদ্র ব্যক্তির কাছ থেকে কমপক্ষে এক হাজার টাকা করে ঘুষ নেওয়া হয়। ইউপির অধিবাসী কামনা বিশ্বাস ও লাবণী বিশ্বাস বলেন, ‘টাকা না হলে কার্ড হয় না। টাকার জন্য পরিষদের বাইরের লোক মধ্যস্থতা করেন। যাঁরা কার্ড পেয়েছেন, ইউনিয়নে তাঁদের থেকে অনেক যোগ্য লোক রয়েছেন।’ ইউপি দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পল্লি চিকিৎসক নাদের হোসেন খান অভিযোগ করেন, যাঁরা প্রকৃত যোগ্য, তাঁদের বেশির ভাগই ভিজিডি-ভিজিএফ সুবিধা পাননি। বিধবা যমুনা বিশ্বাস বলেন, ‘আমার ছেলে নেই। তিন মেয়ে। চেয়ারম্যানের কাছে অনেক ঘোরাঘুরি করেছি একটি কার্ডের জন্য, কিন্তু পাইনি। লটারি করে কার্ড দেবে বলে বলেছিল; কিন্তু ওইখানেও আমার নাম ওঠেনি।’ ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সদস্য আবদুল হক বলেন, ‘আমি ভূমিহীন। মাছ ধরে জীবিকা নির্বাহ করি। একটা কার্ড করার জন্যি এক হাজার টাকা ঘুষ দিছিলাম, তার পরও কার্ড হয়নি।’ চাউলিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের অধিবাসী মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন, ‘ভিজিডি-ভিজিএফ দূরে থাক, বয়স্ক ভাতা দেওয়ার ক্ষেত্রে ইউপি কর্তৃপক্ষ যে স্বজনপ্রীতি ও দুর্নীতি করে তা বলার নয়। আমার ওয়ার্ডে এমন অনেকে আছেন, যাঁর বয়স ৯০ বছর। তিনি বয়স্ক ভাতা পাননি। অথচ আমার পাশের বাড়ির ৪৫ বছর বয়সের এক মহিলাকে বয়স্ক ভাতা দেওয়া হয়েছে।’ একজন সাংবাদিক হিসেবে ইউপির এসব কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অভিজ্ঞার কথা জানাতে গিয়ে এ প্রতিবেদক বলেন, কাজ করতে গিয়ে দেখেছি, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা—এসব ক্ষেত্রে সাংসদেরা পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে তালিকা পাঠান। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা তো রয়েছেনই। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা স্বজনপ্রীতি-দুর্নীতি করেন। সব মিলিয়ে খারাপ অবস্থা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রথমেই রাজনৈতিক হস্তক্ষেপ দূর করতে হবে। জবাদিহি নিশ্চিত করতে হবে। সময় নিয়ে যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি এবং তা নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা থাকতে হবে। এ অভিযোগ স্বীকার করে জগদল ইউপি চেয়ারম্যান মো. ওলিয়ার রহমান বলেন, ‘ইউনিয়নে মোট দুই হাজার ১০৬ জন ভিজিএফ, ১৭২ জন ভিজিডি এবং ১৬৮ জন কাবিটা সুবিধা পান, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। আমরা চেষ্টা করছি, সঠিকভাবে পর্যায়ক্রমে যাতে সবাই সুবিধা পায়। তবে সুবিধাভোগীদের তালিকা তৈরিতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি কার্যক্রমকে ব্যাহত করছে। ভিজিডি-ভিজিএফ কার্ড পাওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার ব্যাপারে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেয়েছি। কার্ড পাওয়ার যোগ্য অনেকে আমার কাছে এসেছেন। আমি আশ্বাস দিয়েছি; কিন্তু পরবর্তী সময়ে দিতে পারিনি। পর্যায়ক্রমে তাদের দেওয়ার চেষ্টা করব।’ অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা বলেন, ‘সুশাসন, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত সমাজ বা রাষ্ট্র গড়তে আমাদের সুপরিকল্পনা ও সুচিন্তার দরকার। কিন্তু তা আমাদের নেই। সেবাদানকারীরা দেশপ্রেমিক নন। তাঁদের মানসিকতার ঘাটতি রয়েছে। এদিক আগে নজর দিতে হবে।’ মর্জিনা খাতুন নামের এক সচেতন নারী বলেন, কার্ড আসে ১০টি। কিন্তু যোগ্য লোক ১০০ জন। তাই কার্ডের সংখ্যা বাড়াতে হবে আগে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তরিকুল ইসলাম বলেন, একদিন ঘোষণা দিয়ে সবাইকে ইউনিয়ন পরিষদে জড়ো করে সবার সামনে বাছাই প্রক্রিয়া করা যায়। অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির সদস্য মো. আশেক এলাহী বলেন, দেখতে হবে কারা ভিজিডি-ভিজিএফের চাল বিক্রি করেন। তাঁদের কর্মসূচি থেকে বাদ দিতে হবে। কারণ, যাঁরা চাল বিক্রি করে দেন। তাঁদের চালের প্রয়োজন নেই বলেই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু বলেন, ‘জগদল একটি মডেল ইউনিয়ন। তারই যদি এ অবস্থা হয়, তাহলে অন্য ইউনিয়নগুলোতে যে কী অবস্থা তা কারও বুঝতে বাকি থাকার কথা নয়। মাগুরার ইউনিয়নগুলোতে আট-নয় বছর আগে নির্বাচন হয়েছে। এখানে বেশির ভাগ ইউপি চেয়ারম্যান বিএনপির। তাই আমরা বলেছি, ৫০ শতাংশ কার্ডের তালিকা রাজনৈতিকভাবে করতে। প্রকৃত ব্যক্তিদের কার্ড পাওয়ার ক্ষেত্রে আমরা যাঁরা বণ্টন-প্রক্রিয়ায় আছি, তাঁদের বিবেককে জাগ্রত করতে হবে। এর বিকল্প নেই।’ বিশেষ অতিথির বক্তব্যে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তরিকুল ইসলাম বলেন, ‘ব্যক্তিপর্যায়ে সৎ না হলে দুর্নীতি রোধের কোনো সুযোগ নেই। আমরা যাই বলি না কেন, আগে নিজে বদলাতে হবে। নিজে না বদলালে দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গঠন সম্ভব নয়।’ জেলা প্রশাসক প্রশাসক সুশান্ত কুমার সাহা বলেন, ‘আপনারা আমাদের বাধ্য করুন, যেন আমরা দুর্নীতিমুক্ত থাকি।’