ভিটামিন-এ নিয়ে গুজব ছড়িয়েছে জামায়াত: সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্র্রতি ভিটামিন-এ ক্যাপসুল খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার ঘটনাকে জামায়াতে ইসলামীর অপপ্রচার বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে কমিটি বলেছে, জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে পাল্টা প্রচারের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ মত দেওয়া হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম প্রথম আলো ডটকমকে বলেন, ভিটামিন-এ ক্যাপসুলের সঙ্গে কৃমির ওষুধ খাওয়ানো হলে একটু-আধটু বমি হয়। তবে এটি একসঙ্গে খাওয়ানো উচিত হয়নি। অসতর্কতা থেকে এমনটা হয়েছে। সংসদীয় কমিটি ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে পরামর্শ দিয়েছে। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ভিটামিন-এ ক্যাপসুলের সঙ্গে কৃমির ওষুধ খাওয়ানোর কারণে কিছু শিশু অসুস্থ হলেও তা আতঙ্কিত হওয়ার মতো ছিল না। কিন্তু জামায়াত-শিবির মসজিদে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে। তারা বলেছে, ভিটামিন-এ ক্যাপসুল ভারতীয় বিষ। এ সময় অনেকে ঘুমন্ত সুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে যান। এ নিয়ে সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। বৈঠক সূত্র জানায়, পাল্টা প্রচারণা না চালানোর জন্য কমিটির সভাপতি মন্ত্রণালয়কে দায়ী করেন। তিনি বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ার সময় অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে। এ নিয়ে একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে দেয়। তখন সরকারি লোকজন কোনো ভূমিকা রাখতে পারেননি কেন? শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, মো. আমানউল্লাহ, মুরাদ হাসান ও নাজমুল হক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সেফায়েত উল্লাহ অংশ নেন।