ভিটামিন ‘এ’ খেয়ে নড়াইলে ৩০ শিশু অসুস্থ
নড়াইলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খেয়ে ৩০ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে পাঁচজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১০ জন শিশু প্রাথমিক চিকিত্সা নিয়েছে। অসুস্থ শিশুরা হলো লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের ইকবাল শেখের মেয়ে ইমা (বয়স ২৬ মাস), মাইগ্রামের জব্বার শেখের ছেলে নাফিস (১৭ মাস), ঈশানগাতী গ্রামের জুনায়েদ (১৪ মাস), লোহাগড়া পৌর এলাকার রাজপুরের অধরা (পাঁচ মাস) ও শাওন (তিন মাস)। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নড়াইল সদর হাসপাতালে ১৫ জন শিশুকে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগ থেকে আরও ১০ জন শিশু চিকিত্সা নিয়েছে। বিভিন্ন ক্লিনিকে এবং বাসাবাড়িতেও অনেক শিশুকে চিকিত্সা দেওয়া হয়েছে। অসুস্থ শিশুদের অভিভাবকেরা জানান, গত মঙ্গলবার ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর থেকে শিশুদের মাঝে বিভিন্ন অস্থিরতা দেখা দেয়। কেউ কেউ বমি করে, কেউবা আবার জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। পাতলা পায়খানাসহ স্বাভাবিক খাবারে অনীহা দেখা দেয়। হাসপাতালে ভর্তি হওয়া এসব অসুস্থ শিশুকে স্যালাইন দেওয়া হয়েছে। কোনো কোনো শিশুকে আবার প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মোহাম্মদ শাহীদুল ইসলাম জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) চিকিত্সক রোকসানা বিনতে আকবর জানান, এসব শিশু দ্রুত সুস্থ হয়ে উঠছে। অসুস্থ শিশুদের অভিভাবকেরা অভিযোগ করেন, হাসপাতালে গেলে চিকিত্সকেরা বিষয়টি গুরুত্ব নিয়ে দেখছেন না। এমন কি অসুস্থ শিশুদের ভর্তি না করে প্রাথমিক চিকিত্সা দিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরা।