ভিডিও কনফারেন্সও করবেন না রুশদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্থানের জয়পুর সাহিত্য উত্সবে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির উপস্থিতি নিয়ে কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। আজ মঙ্গলবার সকালে আয়োজকেরা জানিয়েছিলেন, তিনি সশরীরে এই উত্সবে যোগ দিতে না পারলেও পাঠক-ভক্তদের কাছে হাজির হচ্ছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তবে দিন শেষে তাঁরাই জানালেন, উগ্রপন্থীদের আপত্তির মুখে তাঁর ভিডিও কনফারেন্সও বাতিল করা হয়েছে।আয়োজকদের পক্ষে সঞ্জয় রায় জানান, রুশদীর ভিডিও কনফারেন্সটি বাতিল করা হয়েছে। ওই কনফারেন্সের খবর শুনে ৩০ জন উগ্রপন্থী মুসলিম উত্সবস্থলে আসেন। পুলিশ কর্মকর্তারা আয়োজকদের জানান, নগরের পার্কে বহু লোক জমায়েত হয়েছেন, তাঁরা মিছিল নিয়ে এদিকেই আসছেন। এমন পরিস্থিতিতে রুশদীর ভিডিও কনফারেন্সটি বাতিল করা হয়েছে।এর আগে রাজস্থান পুলিশ জানায়, মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ভাড়াটে খুনিরা রুশদিকে হত্যা করতে পারে বলে তাদের কাছে তথ্য আছে। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রুশদি জানান, তিনি জয়পুর সাহিত্য উত্সবে যোগ দিচ্ছেন না।পরে বিতর্কিত এই লেখক টুইটারে লেখেন, ‘আমি খবর নিয়ে জেনেছি, রুশদিকে দূরে রাখতেই রাজস্থান পুলিশ এই ষড়যন্ত্র আবিষ্কার করেছে। আমি বিশ্বাস করি, এটা ছিল মিথ্যা। আমি নির্মম আচরণের শিকার এবং খুবই ক্ষুব্ধ।’ রুশদি দাবি করেন, ‘মহারাষ্ট্র ও রাজস্থানের গোয়েন্দা সূত্রে আমি জেনেছি যে জয়পুরে আমাকে আসতে না দেওয়ার জন্য তারা সম্ভবত ভাড়াটে সন্ত্রাসীর গল্প ফেঁদেছে।’তবে মহারাষ্ট্র পুলিশ পরে জানায়, ভারত সফরের সময় সালমান রুশদিকে হত্যা করা হবে—এমন হুমকির যথোপযুক্ত কোনো তথ্য নেই পুলিশের কাছে। জয়পুর সাহিত্য উত্সব এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সাহিত্য উত্সব। আর ২০-২৫ জানুয়ারি পাঁচ দিনব্যাপী এ উত্সবের প্রথম দিনেই ৬৫ বছর বয়সী লেখক সালমান রুশদির বক্তৃতা করার কথা ছিল।স্যাটানিক ভার্সেস উপন্যাসটির জন্য সালমান রুশদি বিতর্কিত হন। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।