ভিডিও কনফারেন্সে বক্তব্য দিতে চান মইন: সংসদীয় কমিটির না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদীয় কমিটির সভায় তাঁর বক্তব্য দিতে চান। তবে কমিটি এ প্রস্তাবে রাজি হয়নি। কমিটি মইন উ আহমেদকে লিখিতভাবে তাঁর বক্তব্য জানাতে বলেছে এবং একই সঙ্গে কমিটির সভায় উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলেছে।শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি ১৮ এপ্রিলের সভায় তাঁকে উপস্থিত হতে চিঠি পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে তাঁর পরিবারের পক্ষ থেকে কমিটির সভাপতির ব্যক্তিগত সচিবকে আজ বৃহস্পতিবার এ প্রস্তাব দেওয়া হয়।এ প্রস্তাব সম্পর্কে কমিটির সভাপতি রাশেদ খান মেনন আজ রাতে প্রথম আলোকে বলেন, মইন উ আহমেদ তাঁর প্রতিনিধির মাধ্যমে কমিটির একজন কর্মকর্তার কাছে এ প্রস্তাব পাঠিয়েছেন। তবে কমিটি মইন উ আহমেদকে লিখিতভাবে তাঁর বক্তব্য জানাতে বলেছে। তিনি বলেন, ‘মইন উ আহমেদ আন-অফিসিয়ালি কথা বলতে চেয়েছেন। কিন্তু কমিটি তাঁর অফিসিয়াল বক্তব্য চায়।’বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও সেনাসদস্যের মধ্যে সহিংস ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ এবং ওই সময়ের সেনাপ্রধান মইন উ আহমেদকে কমিটির ১৮ এপ্রিলের সভায় উপস্থিত হতে চিঠি পাঠানো হয়। দুজনই বর্তমানে দেশের বাইরে।