ভিডিও গেমসে আসক্তি, মোটা হচ্ছে শিশুরা
১১ বছরের শিশু সায়েম। দুপুরের খাওয়ার সময় অপলক কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। হাতের মাউসটা নাড়ছে প্রচণ্ড গতিতে। মাঝে মাঝে হাঁ করা মাত্রই মা মুখে ভাত পুরে দিচ্ছেন। মায়ের কথা, ‘ভিডিও গেমস খেলতে খেলতে ছেলে ভালো খায়। কোনো উচ্চবাচ্য করে না। খেলতে খেলতে ফ্রিজ খুলে এটা-ওটা মুখে দেয়। এই তো সেদিন এক ঘণ্টায় এক লিটার আইসক্রিমের প্রায় পুরোটাই শেষ করল!’ভিডিও গেমসে আসক্ত—এ ধরনের শিশুদের নিয়ে দি আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন গত ২০ এপ্রিল ‘ভিডিও গেম প্লেইং ইনক্রিজেস ফুড ইনটেক ইন অ্যাডোলেসেন্টস: এ র্যানডোমাইজড ক্রসওভার সার্ভে’ প্রকাশ করেছে। গবেষকেরা বলছেন, যেসব শিশু ভিডিও গেমস খেলে, তারা অন্য শিশুদের তুলনায় প্রতিদিন গড়ে ১৬৩ কিলোক্যালরি অতিরিক্ত গ্রহণ করছে। এতে তারা মোটা হচ্ছে, বাড়ছে রোগের ঝুঁকি।বারডেম হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটিতে টাইপ-২ ডায়াবেটিস নিয়ে যত শিশু আসছে, তার ৮০ ভাগই স্থূলকায়। তাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হূদেরাগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।বাংলাদেশে ভিডিও গেমসে আসক্ত শিশুর সংখ্যা কত—সে সম্পর্কে কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। তবে এ বছরের ফেব্রুয়ারিতে শিশুস্বাস্থ্যবিষয়ক শীর্ষস্থানীয় জার্নাল কনটেম্পোরারি পেডিয়াট্রিকস-এ বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার ৭ থেকে ১১ ভাগ শিশু ভিডিও গেমস খেলে। ধারণা করা হয়, বাংলাদেশের শহরাঞ্চলে, বিশেষত ঢাকা মহানগরে উল্লেখযোগ্যসংখ্যক শিশু ভিডিও গেমস খেলতে বাধ্য হয়।গবেষণায় কী আছে: ভিডিও গেম প্লেইং ইনক্রিজেস ফুড ইনটেক ইন অ্যাডোলেসেন্টস: এ র্যানডোমাইজড ক্রসওভার সার্ভে শীর্ষক গবেষণাটি চালায় চিলড্রেনস হসপিটাল অব ইস্টার্ন অন্টারিও রিসার্চ ইনস্টিটিউট। ২২ জন স্বাভাবিক উচ্চতার সুস্থ কিশোরকে ওই গবেষণার আওতায় আনা হয়। দেখা গেছে, ভিডিও গেমস খেলার সময় কিশোরদের হূৎপিণ্ডের গতি, রক্তচাপ ও মানসিক কাজের চাপ স্বাভাবিক অবস্থার তুলনায় বেশি থাকে। তবে, এতে যে পরিমাণ ক্যালরি ক্ষয় হয়, কিশোরেরা সে তুলনায় অনেক বেশি খায়। এই অভ্যাসে শিশু-কিশোরেরা মোটা হয়ে যায়। এক সাক্ষাৎকারে গবেষক দলের প্রধান জিন ফিলিপ চাপুত বলেন, ‘এই কিশোরেরা গেমস খেলার পর দুপুরে অতিরিক্ত ৮০ ক্যালরি খাবার গ্রহণ করেছে। এই অতিরিক্ত খাওয়ার বিষয়টি নিয়ে হেলাফেলার সুযোগ নেই। প্রতিদিন ৫০ ক্যালরি খাবার বেশি খেলে ১০ বছরে একজন মানুষের ওজন ২৮ কেজি পর্যন্ত বাড়তে পারে।’ তাঁরা বলছেন, এই কিশোরেরা খাচ্ছে, কিন্তু ক্যালরি ক্ষয় করছে না। দেখা গেছে, ওই ২২টি কিশোর ক্ষুধা অনুভব না করলেও খেলার সময় নানা ধরনের খাবার খেয়েছে।বাংলাদেশের শিশুরাও ঝুঁকিতে: অপরিকল্পিত নগরায়ণের কারণে বাংলাদেশের শিশুরাও, বিশেষত ঢাকা মহানগরের শিশু-কিশোরেরা ভিডিও গেমস খেলে বা টিভি দেখে সময় কাটায়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুসারে প্রতি এক হাজার লোকের জন্য একটি খোলা জায়গা এবং ১০ হাজার লোকের জন্য একটি মাঠ থাকতে হবে। কিন্তু ঢাকার প্রায় দেড় কোটি মানুষের জন্য সব মিলিয়ে আছে ৪০টির মতো মাঠ।সিংহভাগ এলাকায় কোনো মাঠ বা খোলা জায়গা নেই। বেশির ভাগ স্কুলেও খেলার জায়গা নেই। এতে শিশুরা ভিডিও গেমস খেলে বা টিভি দেখে সময় কাটাচ্ছে।সম্প্রতি বারডেম পরিচালিত গবেষণায় রাজধানী ঢাকার উচ্চবিত্ত পরিবারের শিশুদের মধ্যে স্থূলতার হার বাড়ার তথ্য পাওয়া গেছে। চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন প্রকল্পের সমন্বয়ক বিদৌরা জাবীন প্রথম আলোকে বলেন, ঢাকার ইংরেজি মাধ্যম স্কুলের ৪৬৬ জন ছেলে ও মেয়ের মধ্যে পরিচালিত গবেষণায় দেখা গেছে, শিশুদের একটা বড় অংশ মোটা।ওই গবেষণায় শিশুদের চারটি ভাগে ভাগ করা হয়। তাদের মধ্যে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ১৪ দশমিক ৫ ভাগ, ছয় থেকে নয় বছরের ২৭ দশমিক ৭ ভাগ, ১০ থেকে ১৩ বছরের ১০ দশমিক ৭ ভাগ এবং ১৪ থেকে ১৮ বছর বয়সীদের ৯ দশমিক ৪ ভাগ স্থূলকায়। সবশেষ স্বাস্থ্য ও জনমিতি জরিপে (২০০৭) সারা দেশে মাত্র এক ভাগ শিশুকে স্থূলকায় পাওয়া গিয়েছিল।উপায় কী: ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক এ এইচ এস কে আলম বলেন, ‘খেলাধুলার কোনো বিকল্প নেই। রাজধানীর অভিভাবকদের অনেকেই একটা প্রতিযোগিতায় লিপ্ত। তাঁরা সন্তানদের ভালো স্কুলে দিচ্ছেন, কোচিংয়ে পাঠাচ্ছেন, অবসরে কম্পিউটারে খেলতে দিচ্ছেন। কিন্তু শিশুদের খেলার ব্যবস্থা করার কোনো উদ্যোগ কেউই নিচ্ছেন না।’তিনি আরও বলেন, ডায়াবেটিস, হূদেরাগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি এড়াতে অবিলম্বে শিশুদের খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। আর এ ক্ষেত্রে সামাজিক সংগঠন ও নীতিনির্ধারকদের এগিয়ে আসতে হবে।