ভিডিও গেমসের অবৈধ ডাউনলোডের হিড়িক
অবৈধভাবে ভিডিও গেমস ডাউনলোডের হার গত পাঁচ বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়ে গেছে। সবচেয়ে বেশি জনপ্রিয় পাঁচটি গেমস ২০১০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত প্রায় ১০ লাখবার ডাউনলোড করা হয়েছে। কেমব্রিজ-ভিত্তিক পাইরেসি-বিরোধী গবেষণা প্রতিষ্ঠান ‘এনভিশনাল’-এর এক সমীক্ষায় এ তথ্য তুলে ধরা হয়েছে। গত রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, অবৈধভাবে ভিডিও গেমস ডাউনলোড বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন গেমস প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। তাদের কেউ কেউ বলছে, এর মানে দাঁড়াচ্ছে, একসময় এমন একটি প্রজন্ম আসবে, যারা মনে করবে, ভিডিও গেমস বিনা পয়সাতেই পাওয়া যায়। তবে অনেকে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাঁরা বলছেন, পাইরেসি রোধে বা অবৈধ এই ডাউনলোড ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেই বলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।বিবিসি রেডিওর প্রযুক্তিবিষয়ক অনুষ্ঠান ‘নিউজবিট’ অবৈধভাবে ভিডিও ডাউনলোডকারী কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছে। তাঁদের একজনের নাম শাম। তিনি বছরে প্রায় ১০০টি গেমস অবৈধভাবে ডাউনলোড করেন এবং বছর শেষে ৫০টি বিক্রি করে দেন। তিনি বলেন, ‘আমি সেগুলো কপি করে বিক্রি করি।’শাম তাঁর আসল নাম জানাতে চাননি। তিনি বলেন, তাঁকে জরিমানা করা বা জেলে পাঠানোর ভয় দেখিয়ে লাভ নেই। আড়াই শ মানুষ দুই বছর থেকে একটি স্টুডিওতে বসে তৈরি করেছেন ‘মডার্ন ওয়ারফেয়ার-৩’ নামে একটি গেমস। ৮ নভেম্বর এটি মুক্তি পেয়েছে। পৃথিবীব্যাপী ভিডিও গেমসপ্রেমীরা একে স্বাগত জানায়। তবে মজার ব্যাপার হলো মুক্তি পাওয়ার পর মাত্র এই কয়েক দিনেই গেমসটি ওয়েবসাইটের সবচেয়ে ঘৃণিত গেমস হিসেবে পরিচিতি পেয়েছে।অ্যাসোসিয়েশন ফর ইউকে ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান অ্যান্ডি পেনি বলেন, ‘আমি ১৪ বছর বয়স থেকে ভিডিও গেমস পাইরেসির কাজ করছি। এখন আমার বয়স ২৩। আমাকে কখনো জরিমানা দিতে হয়নি।’উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, সব ধরনের পাইরেসিই চুরির পর্যায়ভুক্ত। এর একটি সমাধান হতে পারে, অবৈধভাবে ডাউনলোড করার জন্য একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ আদায়ের ব্যবস্থা করা। অ্যান্ডি পেনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে তা করা হচ্ছে। তিনি বলেন, ‘লুক অ্যাট ফিফা, মডার্ন ওয়ারফেয়ার, ব্ল্যাক অপস নামের জনপ্রিয় ভিডিও গেমসগুলো মানুষ সারা বছরই খেলছে। এগুলো অনেক দামি।’চলতি বছরের গোড়ার দিকে ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নিউজবিটকে জানান, পাইরেসি ও অবৈধভাবে ডাউনলোডের ফলে এই শিল্পে জড়িত কয়েক শ কর্মীকে চাকরিচ্যুত হতে হয়েছে। এতে আর্থিক ক্ষতিও হয়েছে অনেক।