ভিডিও চলচ্চিত্রের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয় নাট্যকলা ও সংগীত বিভাগের শিল্পীদের উদ্যোগে নির্মিত ভিডিও চলচ্চিত্রের প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে ওই দিন সকালে বিভাগের ল্যাবে এ চলচ্চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মলয় ভৌমিক।বিভাগীয় সূত্রে জানা গেছে, নাট্যকলা ও সংগীত বিভাগের প্রথম তিনটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নির্মিত ছয়টি স্বল্পদৈর্ঘ্য ভিডিও ও একাধিক বিজ্ঞাপনচিত্র নিয়ে প্রথমবারের মতো এ ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ ভিডিও চলচ্চিত্র উৎসবে সরকার শামীম আহমেদ নির্দেশিত জন্মদিন, সাকী ফারজানা নির্দেশিত বিজন গৃহে, মনোজ কুমার প্রামাণিক নির্দেশিত রমা কমা কিংবা ডট..., আমিরুজ্জামান নির্দেশিত দর্পণ, ইসমত আরা ভূঁইয়া নির্দেশিত অসমান, বিপ্লব সরকার নির্দেশিত বসে আছি ইস্টিশানেতে ও আবদুস সালাম নির্দেশিত বৃত্ত নামক ভিডিও চলচ্চিত্র প্রদর্শিত হয়।বিভাগের সভাপতি ও নাট্যব্যক্তিত্ব মলয় ভৌমিক বলেন, এ বিভাগের সূচনাপর্ব থেকেই শিক্ষার্থীরা থিয়েটারচর্চার পাশাপাশি স্থানীয় পরিসরে ভিডিও চলচ্চিত্র নির্মাণের চর্চা অব্যাহত রেখেছে। পাশাপাশি বিভাগের শিক্ষার্থীদের চলচ্চিত্র সংগঠন ‘দৃশ্যপাঠ’ উল্লেখযোগ্য চলচ্চিত্র সংগ্রহ করাসহ তার প্রদর্শনী ও নিয়মিত আলোচনারও আয়োজন করে থাকে। তিনি বিভাগের এ ধরনের কার্যক্রমকে অধিকতর সমৃদ্ধ ও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।