ভিডিও দেখে মিলনের হত্যাকারীদের শনাক্ত করা হবে: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন নিহত মিলনের বাড়ি, টেকেরবাজার ও চর কাঁকড়া একাডেমি উচ্চবিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন। এক প্রশ্নের জবাবে বিল্লাল হোসেন বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং ভিডিওচিত্র দেখে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে কাউকে অযথা হয়রানি করা হবে না।তদন্ত কর্মকর্তা মিলনের মা কোহিনুর বেগম, টেকেরবাজার ও চর কাঁকড়া একাডেমি উচ্চবিদ্যালয় এলাকার স্থানীয় লোকজনের সঙ্গে গত ২৭ জুলাইয়ের ঘটনার বিষয়ে কথা বলেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ওসি বিল্লাল হোসেন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, তদন্ত এগিয়ে চলছে। ঘটনার দিন সকালে মিলন বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে পরবর্তী সব বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। মিলনের মা কোহিনুর বেগম প্রথম আলোকে বলেন, ‘ডিবি পুলিশের লোকজন আমার বাড়িতে এসে মিলন সেদিন কখন, কী জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কীভাবে আমি তাঁর মৃত্যুর খবর পাই—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আমি তাঁদের বলেছি, আমি শুধু মিলনের হত্যাকারীদের শাস্তি চাই। আর কিছু চাই না।’ এদিকে কিশোর মিলনের মুঠোফোনটির (নম্বর ০১৮২৮০৬৫০৩৮) হদিস এখনো মেলেনি। পিটিয়ে হত্যার আগে মিলন চর কাঁকড়া একাডেমি উচ্চবিদ্যালয়ের পাশের বেপারী বাড়ির মসজিদে বসেছিল। সে সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় পর্যন্ত মিলনের কাছে মুঠোফোনটি ছিল। পরে আর সেটির হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি লিখেছেন।গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাঁদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনার এক সপ্তাহের মাথায় মিলনের মা নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ওই মামলাটিকে নিয়মিত হত্যা মামলা হিসেবে রেকর্ড করে।