ভিডিও পাইরেসির বিরুদ্ধে সফল অভিযান, গ্রেপ্তার ৪
দুই লাখ সিডির মোড়ক!বাংলা চলচ্চিত্রের দুই হাজার নকল সিডি!পাইরেসি করার পণ্যসামগ্রী!এসব ধরা পড়ল এবার নরসিংদী জেলার মনোহরদীতে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) একটি দল ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর একটি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে পাইরেটেড সিডি ও বিভিন্ন পণ্যসহ চারজনকে আটক করে। ৮ জানুয়ারি সকালে আটক ব্যক্তিদের নিয়ে আসা হয় এফডিসিতে। এখানে র্যাব-১১ প্রেস ব্রিফিং করে। খবর পেয়ে সকাল থেকেই পরিচালক-প্রযোজকেরা এফডিসিতে আসতে শুরু করেন। প্রেস ব্রিফিংয়ের আগে পরিচালক সমিতির মহাসচিব এফ আই মানিক তাঁর বক্তব্যে বলেন, ‘এই পাইরেসির কারণে আমাদের কোটি কোটি টাকার সিনেমা মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এরা ধরা পড়লেও আবার জামিনে বেরিয়ে আসছে।’ এদের কঠিন শাস্তি দাবি করেন তিনি।প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের দুই সদস্য খোরশেদ আলম খসরু ও মেহেদি হাসান মনির তাঁদের বক্তব্যে বলেন, চলচ্চিত্রের বিপর্যয়ের সময় র্যাব যেভাবে ভিডিও পাইরেসি দমনে অভিযান চালাচ্ছে, তা চলচ্চিত্রের জন্য খুবই আনন্দের খবর। কিন্তু এদের বিচার না হওয়া পর্যন্ত কেউই শান্তিতে থাকতে পারবে না।র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে মামলা করা হবে। এ জন্য তাদের সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, আবদুল কাইয়ুম, বিল্লাল, আশরাফুল ও জাকির।জব্দ করা মালামালের খোঁজ নিয়ে দেখা গেছে, মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার নকল সিডি ও সিনেমার পোস্টারের কাভার ওই ব্যক্তিরা সংরক্ষণ করেছেন বিভিন্ন কায়দা করে। জানা যায়, তাঁরা এই মালামাল উত্তরবঙ্গে সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।