জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরে (এনএসআই) ডিবির তিনজন পরিদর্শকের ভিডিও ফুটেজ পেয়েছে তদন্ত কমিটি। সূত্র জানায়, এনএসআইয়ের কার্যালয়ের ভিডিও ফুটেজে দেখা যায়, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা ডিবির তিনজন পরিদর্শককে হাতকড়া পরা অবস্থায় মেঝেতে বসিয়ে রাখা হয়েছে। তাঁদের শরীর থেকে রক্ত ঝরছে। মেঝেতে লেগে থাকা রক্ত ধুয়ে ফেলা হচ্ছে। এদিকে যে ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিনজন পরিদর্শক আটক হয়েছিলেন, সেই জহিরুল ইসলাম ওরফে জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আওলাদ হোসেন নামের এক ব্যক্তি গত সোমবার রাতে বাড্ডা থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে প্রতারক জুয়েলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ডিবির তিনজন পরিদর্শককে এনএসআইয়ের একটি দল আটক করে। পরে ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।গতকাল মঙ্গলবার তদন্ত কমিটির প্রধান ঘটনাস্থল হলি ফ্যামিলি হাসপাতালের উল্টো দিকের ফুটপাতের তিনজন দোকানির সাক্ষ্য নেন। তাঁদের মধ্যে দুজন সেদিনের ঘটনার বর্ণনা দেন। তাঁরা বলেন, ‘গত বৃহস্পতিবার বেলা একটা অইব। আমরা কাজ করছিলাম, হঠাৎ দেখি সাদা পোশাকের একদল লোক তিন ব্যক্তিকে কিল, ঘুষি ও লাথি মারছে। একজনের নাক দিয়ে রক্ত ঝরছিল। একপর্যায়ে তারা মারতে মারতে তিনজনকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।’ তদন্ত কমিটির প্রশ্নের জবাবে ওই ব্যক্তিরা জানান, তাঁরা কোনো লেনদেন হতে দেখেননি।ডিবির কর্মকর্তারা জানান, এনএসআইয়ের একজন কর্মকর্তা ঘুষের টাকাসহ তিনজন পরিদর্শককে আটক করার দাবি করলেও তাঁরা সেই টাকার জব্দ তালিকা তৈরি করেননি। এতে ওই টাকা যে ঘুষের ছিল, তা প্রমাণ হয় না। মীর শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাঁর অভিযোগের ভিত্তিতে ডিবির তিনজন পরিদর্শককে আটক করা হয়, তিনি কমিটির সামনে হাজির না হওয়ায় তদন্তের কাজ এগোচ্ছে না। কাফরুল থানার পুলিশ তাঁর মালিকানায় পরিচালিত শিশু ও মাতৃসেবাকেন্দ্রে নোটিশ দিয়েছে। গতকাল পুলিশ আবার ওই প্রতিষ্ঠানে নোটিশ পাঠিয়েছে। তাঁর ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ রয়েছে। কমিটির প্রধান আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এনএসআইয়ের কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হবে। ওই তিনজন পরিদর্শক সুস্থ হয়ে উঠলে তাঁদের জবানবন্দি নেওয়া হবে।মামলা করার ব্যাপারে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আহত ডিবির পরিদর্শক বা তাঁদের পরিবার মামলা করতে চাইলে করতে পারেন।জুয়েলের বিরুদ্ধে মামলা: মানিকগঞ্জের ওয়ার্কশপের মালিক আওলাদ হোসেন সোমবার রাতে প্রতারণার অভিযোগে জুয়েল ও তাঁর তিনজন সহযোগীর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন। এতে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে দক্ষিণ বারিধারার ডিআইটি রোডের ৬ নম্বর সড়কের একটি বাড়িতে জুয়েল ও তাঁর সহযোগীরা মাড়ওয়ারি ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে সাত লাখ টাকা নিয়ে যান। ডিবির কর্মকর্তারা জানান, জুয়েল ২৫ বছর ধরে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে একাধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক হয়েছেন। প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে আশুলিয়া ও উত্তরা থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ২৫টি প্রতারণার মামলা রয়েছে। প্রতারণার অভিযোগে এর আগে গ্রেপ্তার হলেও তিনি জামিনে ছাড়া পান। তাঁর গ্রামের বাড়ি ঢাকার দোহারের শাইনপুকুরে।