ঈদ উপলক্ষে দেশ টিভিতে দেখানো হচ্ছে সাত দিনের ধারাবাহিক নাটক এই সময়ে সেইসব মানুষেরা। এটি রচনা ও পরিচালনা করেছেন রেদোয়ান রনি। নাটকে ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। গতকাল সোমবার সকালে মুঠোফোনে তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি ভারতের কলকাতায়।কলকাতায় কবে গেলেন?ঈদের আগের দিন এসেছি। গত বছর ঈদের ছুটিটা কাটিয়েছিলাম কম্বোডিয়ায়। এবার ভেবেছিলাম চীনে যাব। আমার স্ত্রী চিকিৎসক, ছেলে সুদীপ্ত ডেইলি স্টার পত্রিকায় কাজ করছে, মেয়ে সুপ্রভা যুক্তরাজ্যে পড়াশোনা করছে। ঈদে যেহেতু সবাই একসঙ্গে হয়েছি, তাই এবারও বাইরে যাওয়ার পরিকল্পনা করি। কিন্তু চীনে আর যাওয়া হলো না, ছুটিটা নষ্ট না করার জন্য শেষ পর্যন্ত কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নিই।দেশ টিভিতে এখন ‘এই সময়ে সেইসব মানুষেরা’ দেখানো হচ্ছে। নাটকটি তৈরি হওয়ার পর দেখেছিলেন?কিছু ভিডিও ফুটেজ দেখেছিলাম। দেখে বেশ রোমাঞ্চিত হয়েছিলাম। বাকের ভাইকে নিয়ে হুমায়ূন আহমেদের লেখা একটি নাটক বিটিভিতে দেখানো হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকের গোড়ার দিকে। এবারের তৈরি ফুটেজগুলো দেখে পুরোনো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। আমার যে বয়স বেড়ে গেছে, এবার বাকের ভাইকে দেখে কিন্তু তা একবারও মনেই হয়নি। বলতে পারেন, নিজের বয়সের কথা ভুলেই গিয়েছিলাম। নিজের জন্য নতুন করে আনন্দ পেলাম।ধারাবাহিকটির নাম শুনেছিলাম ‘হিমু, মিসির আলী, বড় চাচা ও বাকের ভাই’।আমরা কিন্তু নাটকের নামের ব্যাপারে কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তাই শুরুতে একরকম ছিল, ভেবেছিলাম প্রচারের আগে ঠিক করব। সেটাই করেছি। এই চরিত্রগুলো একসময়ের টিভি দর্শকদের কাছে ইতিহাস হয়ে আছে। সেই চরিত্রগুলোকে আজকের বাস্তবতায় নতুন করে আনা হয়েছে। এর সঙ্গে আগের গল্প কিংবা ঘটনার কোনো মিল নেই। তাই নাম দিয়েছি এই সময়ে সেইসব মানুষেরা।বাকের ভাইয়ের সেই সাজ-পোশাকে কিন্তু যথেষ্ট মিল রয়েছে। বাকের ভাই সাজার পর আপনার নিজের কাছে কেমন লেগেছে?এবার শুটিং শুরুর আগে বিটিভির কোথাও কেউ নেই ধারাবাহিকের কিছু অংশ দেখেছিলাম। ওই বাকের ভাইকে দেখে আমি নিজেই বেশ অবাক হয়েছি। তখন যতটা আবেগ দিয়ে কাজটা করেছিলাম, এবার কিন্তু তা হয়নি। এখন অনেকটাই যান্ত্রিক মনে হয়েছে। তবে বাকের ভাইয়ের সাজে শুটিং স্পটে যাওয়ার পর সবাই চমকে গিয়েছিল। সেই জ্যাকেট, চেইন, রোদচশমা—কোনোটাতেই খুব একটা পরিবর্তন চোখে পড়েনি।কোথাও কেউ নেই নাটকের চেইন আর রোদচশমাটা আমার স্ত্রী যত্ন করে রেখে দিয়েছিলেন। পরে তা সংরক্ষণ করেছে সুপ্রভা। এবার নাটকটিতে অভিনয় করতে গিয়ে তা খুব কাজে লেগেছে।