ভিডিও ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর কামরাঙ্গির চরে ভিডিও ব্যবসায়ী শামসুদ্দিন আহমেদকে (২৮) ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ইমরান (২৪), বাবুল (২০), মামুন (১৮) ও জুয়েল (২০)। তাঁদের কাছ থেকে চারটি ছুরি ও শামসুদ্দিনের সাইকেলটিকে উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, লালবাগের শহীদনগরে পেশাগত কাজ শেষে রাত আড়াইটার দিকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন শামসুদ্দিন ও তাঁর ছোট ভাই সাজেদুল ইসলাম (২১)। কামরাঙ্গির চরে বেড়িবাঁধের সামনে এলে পাঁচ-ছয়জন ছিনতাইকারী শামসুদ্দিন ও সাজেদুলকে ঘিরে ফেলে। ছিনতাইকারীরা তাঁদের কাছে থাকা ভিডিও ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় শামসুদ্দিন ও সাজেদুল বাধা দিলে ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাঘাত করে। গুরুতর আহত শামসুদ্দিন ও সাজেদুলকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে মারা যান শামসুদ্দিন। আজ সকালে সাজেদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাঁর চাচা কুতুব মিয়া। এ ব্যাপারে কামরাঙ্গির চর থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উল হক প্রথম আলো ডটকমকে জানান, শামসুদ্দিনের শরীরের ডান পাশে ও সামনে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। তাঁদের মুঠোফোন ও সাইকেল ছিনতাইকারীরা নিয়ে পালিয়েছিল। এ ঘটনায় শামসুদ্দিনের বাবা সিরাজ আহমেদ কামরাঙ্গির চর থানায় মামলা করেছেন।