নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার চরকাঁকড়া গ্রাম থেকে শাহ আলম (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। মিলনকে পিটিয়ে হত্যার ঘটনাস্থল টেকেরহাটে শাহ আলমের পানের দোকান রয়েছে।নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ভিডিওচিত্র দেখে শাহ আলমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। শাহ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলনকে পিটিয়ে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। ডিবি সূত্র জানায়, ভিডিওচিত্র দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম-ঠিকানাও সংগ্রহ করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এলাকায় আতঙ্ক: টেকেরহাট বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করায় স্থানীয়দের মধ্যে চুরি-ডাকাতির ভয় কমলেও গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার ক্যাম্পের কার্যক্রম শুরুর পর থেকে বাজারে লোকজনের উপস্থিতি কমে গেছে। স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, পুলিশের সহায়তায় যারা মিলনকে পিটিয়ে মেরেছে, তারা গত কয়েক দিন এমনিতেই বাজারে আসছে না। ক্যাম্প স্থাপিত হওয়ায় গ্রেপ্তারের ভয়ে সাধারণ মানুষও বাজারে আসা কমিয়ে দিয়েছে।এ প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ক্যাম্প স্থাপন করা হয়েছে।’ গতকাল নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদ ক্যাম্প পরিদর্শন করেছেন। কৈফিয়ত তলব: নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আলী হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, মিলনকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ সদস্যের মধ্যে উপপরিদর্শক (এসআই) আকরাম শেখ এবং দুই কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমাকে গত বুধবার কৈফিয়ত তলব করা হয়েছে। বিভাগীয় মামলা করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই কৈফিয়ত তলব করা হয়। তিনি আরও জানান, ওসি রফিক উল্লাহর বিরুদ্ধে মামলা করবে পুলিশ সদর দপ্তর। তবে তাঁকেও একইভাবে বুধবার কৈফিয়ত তলব করা হয়েছে। গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে মেরে ফেলে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়।