ভিডিওচিত্র দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার ভিডিওচিত্র আছে। তা দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।গতকাল শনিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও সাংবাদিকদের একই কথা বলেন।সভার সূত্র জানায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা গত শুক্রবার নাটোরের বনপাড়ায় বিএনপির মিছিলে হামলা ও উপজেলা চেয়ারম্যানকে হত্যার সমালোচনা করেন। তাঁরা বলেন, এ ঘটনায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।সভা শেষে সাংবাদিকদের সৈয়দ আশরাফ বলেন, ‘সব সময় আওয়ামী লীগ বলে, কেউ অন্যায় করলে তার তদন্ত করা হবে। যারা এর জন্য দায়ী, তাদের আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব নেতা-কর্মী হামলা করেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা সবাই এখন কারাগারে। নাটোরের ঘটনাও তদন্ত করা হবে। এই ঘটনার ভিডিওচিত্র আছে। তা দেখে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’সভায় অংশগ্রহণকারী একজন নেতা জানান, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। বৈঠকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের অনেক সদস্য নাটোরের ওই ঘটনার সমালোচনা করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, নাটোর একটি সংঘাতপূর্ণ এলাকা, অতীতে এখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিএনপির নেতা-কর্মীরা নানা অত্যাচার-নির্যাতন করেছে। তবে আওয়ামী লীগ কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়নি। এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।মগবাজারে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় যুবলীগ কর্মী নিহত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ঘটনায়ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।‘আপনারা বলছেন, কেউ অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হবে। তার পরও প্রায় প্রতিদিনই সংবাদপত্রে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে খবর প্রকাশিত হয়’—সাংবাদিকের এ মন্তব্যের সরাসরি কোনো জবাব দেননি সৈয়দ আশরাফ। তবে তিনি বলেছেন, ‘পত্রিকার খবরের ওপর ভিত্তি করে আদালত কারও বিরুদ্ধে রায় দেন না। পুলিশি তদন্ত, অভিযোগপত্রের ওপর ভিত্তি করে রায় দেওয়া হয়। তবে পত্রিকার প্রতিবেদন আমাদের সবার জন্য সহায়ক হয়। এ থেকে আমরা অনেক খবর জানতে পারি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও আমাদের জন্য খুব উপকারী। সর্বোপরি দেশের জন্য এটা উপকারী।’এদিকে গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের নিয়ে আলাদা বৈঠক করেন। বৈঠকে তাঁদেরকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।