ভিত্তিপ্রস্তর পর্যন্ত দৌড়
পাঁচবিবিতে ভাষাশহীদ মিনার ও মুক্তিযোদ্ধের ভাস্কর নির্মাণের পরিকল্পনা বিগত নয় বছরেও বাস্তবায়িত হয়নি। প্রায় নয় বছর আগে ২০০২ সালে এ উদ্দেশ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও আর কাজ এগোয়নি। স্থানটি এখন গোচারণভূমিতে পরিণত হয়েছে। ভাষাসৈনিক প্রবীণ রাজনৈতিক মীর শহীদ মণ্ডল বলেন, ২০০২ একুশে ফেব্রুয়ারি পালনের আগে উপজেলা প্রশাসনের এক সভায় বিষয়টির উত্থাপিত হলে উপস্থিত বিশিষ্ট শহীদ মিনার ও স্মৃতিসৌধ নির্মাণের পক্ষে সবাই মত প্রকাশ করেন। সর্বসম্মতিক্রমে পাঁচবিবি লাল বিহারি পাইলট উচ্চবিদ্যালয়ের জমিতে ভিত্তিপ্রস্তর বসানো হয়। কিন্তু বর্তমানে স্থানটি পতিত পড়ে থেকে থেকে গোচারণভূমিতে পরিণত হয়েছে। পৌর মেয়র সামসুল আলম আক্ষেপ করে বলেন, শহীদ মিনার নির্মাণসংক্রান্ত কোনো সভায় আমাকে ডাকা হয় না। এ ব্যাপারে তিনি স্থানীয় নেতাদের দোষারোপ করেন। তবে শহীদ মিনারের প্রস্তাব গৃহীত হলে এর ব্যয়ভার পৌরসভা বহন করবে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।আওয়ামী লীগের থানা সভাপতি আবু বক্কর সিদ্দিকের সঙ্গে কথা বললে তিনি বলেন, একটি উন্নতমানের শহীদ মিনার ও স্মৃতিসৌধের স্বপ্ন আমরা সবাই দেখি। এ ব্যাপারে কারও সঙ্গে কোনো দ্বিমতের প্রশ্নই ওঠে না। পবিত্র এ কাজে আমরা সবার সহযোগিতা কামনা করি।পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কাইছার রহমান বলেন, যাঁরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বিরোধী, তারা শহীদ মিনার ও স্মৃতিসৌধ চায় না বলেই এ কাজ বন্ধ করে দিয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম জানান, প্রস্তাবিত স্থানে শহীদ মিনার নির্মাণের ব্যাপারে আইনগত কিছু জটিলতা ছিল, যা ইতিমধ্যেই শেষ হয়েছে। শহীদ মিনার নির্মাণের ব্যাপারে জেলা পরিষদ থেকে এক লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আশা করি অচিরেই এ কাজ শুরু করা হবে।