ভিত্তিপ্রস্তর পাঁচ উড়ালসেতুর হচ্ছে একটি ওভারপাস
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) হঠাৎ করে নগরে উড়ালসেতু (ফ্লাইওভার) নির্মাণের উদ্যোগ নিয়েছিল। ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে বেশ ঘটা করে নগরের এক জায়গায় পাঁচটি উড়ালসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হয়। দুই মাস যেতে না যেতেই সিডিএর উপলব্ধি, চট্টগ্রাম নগরে আপাতত উড়ালসেতুর দরকার নেই। তাই শুধু একটি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নগরের বহদ্দারহাট এলাকায় হবে এই ওভারপাস।জানা গেছে, সিডিএ বহদ্দারহাট থেকে জিইসি মোড় পর্যন্ত সরাসরি তিন কিলোমিটার দীর্ঘ রাস্তায় চারটি, নগরের কদমতলী এলাকায় একটি উড়ালসেতু স্থাপনের পরিকল্পনা করেছিল। অনেকে তখন সিডিএর এ পরিকল্পনায় নেতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। বহদ্দারহাট মোড়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ উড়ালসেতু নির্মাণের জন্য ৮৬ কোটি টাকা ব্যয় ধরা হয়। সিডিএর তহবিল থেকে এ অর্থ ব্যয় করার কথা। অন্য চারটি উড়ালসেতুর জন্য ব্যয় ধরা হয় ১৭৩ কোটি টাকা। এ অর্থ কোথা থেকে আসবে তা চূড়ান্ত হয়নি। এ পাঁচটি প্রকল্পের কোনোটির ক্ষেত্রে অর্থনৈতিক সমীক্ষা বা সম্ভাব্যতা যাচাই করা হয়নি। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘বহদ্দারহাটে আপাতত ফ্লাইওভার নয়, একটি ওভারপাস হবে। ইতিমধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে, মাটি পরীক্ষা হচ্ছে। অন্য চারটি উড়ালসেতুর চিন্তা আমরা পরে করব।’ বহদ্দারহাট এলাকায় উড়ালসেতু বা ওভার পাসের আদৌ প্রয়োজন আছে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য আছে। নগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকেও এ ধরনের কোনো সুপারিশ নেই। এমনকি এ ধরনের প্রকল্পের কাজ শুরুর আগে সম্ভাব্যতা যাচাই করার বিধান থাকলেও তা করা হয়নি।সিডিএর পরিচালনা পরিষদের সদস্য মফিজুর রহমান বলেন, ‘ওভারপাস নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাই করা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। এখন আমরা আগের কাজ পরে করছি।’চট্টগ্রাম মহানগরের যানবাহন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন কাজ করা প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, যানজট নিয়ন্ত্রণে উড়ালসেতু নির্মাণের মতো পরিস্থিতি চট্টগ্রামে এখনো হয়নি। ১৯৯৫ সালে প্রণীত চট্টগ্রাম উন্নয়ন মহাপরিকল্পনায় কর্ণফুলী সেতু থেকে সদরঘাট পর্যন্ত সংযোগ সড়ক করার কথা বলা হয়েছিল। ওই সড়ক করা হলে বহদ্দারহাটের যানজটের চাপ অনেক কমে যাবে।সিডিএ সূত্রে জানা গেছে, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা ব্যাংকের (জেবিআইসি) কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত ‘ইনভেস্টিগেশন রিপোর্ট ফর মাল্টিসেক্টর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন চিটাগাং-২০০৫’ শীর্ষক সমীক্ষায় দেখা গেছে, চট্টগ্রাম শহরে মোট যানবাহনের ৩৫ শতাংশ রিকশা, ৪০ শতাংশ সিএনজি অটোরিকশা ও টেম্পোর মতো কম গতির গাড়ি। সংশ্লিষ্ট প্রকৌশলীরা মনে করেন, নগরে চলাচলকারী সর্বোচ্চ ২০ থেকে ২৫ শতাংশ যানবাহনের জন্য উড়ালসেতু নির্মাণের কোনো যৌক্তিকতা নেই।নগর পরিকল্পনাবিদ ও সিডিএর সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্ণফুলী তৃতীয় সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হলে বহদ্দারহাট মোড়ে যানবাহন চলাচলের সংখ্যা কতটা বাড়বে, তা দেখে উড়াল সেতু বা ওভার পাস বানানো দরকার। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ডিসি-ট্রাফিক) প্রকৌশলী ফারুক আহমদ বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করায় বহদ্দারহাট মোড়ে এখন আর যানজট হচ্ছে না। প্রয়োজনীয় সমীক্ষা ছাড়া এখানে উড়াল সেতু বা ওভার পাস করলে তা নগরে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।