কারও দেশ মেক্সিকো, কারও বা বসনিয়া-হার্জেগোভিনা... বিভিন্ন দেশের মেয়েরা বাংলাদেশের ছেলেদের বিয়ে করে হয়েছেন বাঙালি বধূ। কেমন কাটে তাঁদের ঈদের দিন?
ভিনদেশ থেকে এদেশে ঈদ
পরিবারের সঙ্গেই ঈদের দিনটি কাটাবসোনালি কেশের নির্মল হাসিমাখা চোখের মেয়েটির নাম এমিনা। পুরো নাম এমিনা হাবিব ওবিস কালাম। বসনিয়া-হার্জেগোভিনার পাহাড়ের কোলে বড় হওয়া এই মেয়ে এখন বাংলাদেশের বউ।বাংলাদেশে পালন করা এবারের ঈদ হবে এমিনার চতুর্থ ঈদ। তাঁর কাছেই শোনা হলো দুই দেশের মধ্যকার ঈদকে ঘিরে উৎসব উদ্যাপনের মিল-অমিলের কথা। ‘বসনিয়ায় রমজান মাসে টেলিভিশনের সব অনুষ্ঠানধারায় পরিবর্তন আসে। সব কটি চ্যানেলেই প্রচারিত হয় ধর্মীয় অনুষ্ঠানমালা। বসনিয়ায় বয়স্কদের তুলনায় তরুণ-তরুণীরাই অনেক বেশি ধর্মের চর্চা করে। তবে রমজান ও ঈদকে ঘিরে এ চর্চা খুব বেশি দিনের পুরোনো নয়। ১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়ার স্বাধীনতাযুদ্ধের ভয়াবহতা বসনিয়াবাসীকে অনেক বেশি ধর্মপ্রাণ করে তুলেছে।’ এভাবেই বলেন এমিনা।ছোটবেলায় ইফতারের পর মা-বোনের সঙ্গে মসজিদে নামাজ পড়তে যাওয়া ছিল এমিনার নিয়মিত ব্যাপার। ঈদকে ঘিরে তাঁর একটি মজার অভিজ্ঞতা হলো, ঈদের দিন নতুন জামা পরে বড়দের হাতে চুমু খেলেই মিলত উপহার। আমাদের দেশের ঈদ-বকশিশের মতো। কিন্তু বাংলাদেশে এসে মানিয়ে নিতে কষ্ট হয়নি তাঁর। এ দেশের সংস্কৃতির সঙ্গে একেবারেই মিশে গেছেন এমিনা। এর জন্য সব সময় বন্ধুর মতো কাছে পেয়েছেন শাশুড়ি সামসুন নাহার কালামকে; আর ছোট্ট মেয়ে জায়ানা তো আছেই। ওর আধো আধো বাংলা বুলি থেকে এমিনাও শিখতে শুরু করেছেন বাংলা ভাষা। এবার ঈদে তিনি নিজের নকশা করা পোশাক পরবেন। পরিবারের সবাইকে নিয়েই কাটবে এবারের ঈদ।আই এম লাইক বাংলাদেশি বউবিয়ে পরিকল্পনা করে হয় না। এটা ভাগ্য ঠিক করে দেয়। এমনটাই বিশ্বাস করেন মরক্কোর মেয়ে নোরা লাহলিলি। হাসিখুশি নোরার ভাষায় তাঁর নিজের পরিচয়, ‘আই এম লাইক বাংলাদেশি বউ’। সালোয়ার-কামিজ তাঁর পছন্দের পোশাক। নিজের পোশাক নিজেই ডিজাইন করেন। সম্প্রতি ঢাকার বনানীতে চালু হয়েছে তাঁর ডিজাইন করা পোশাক নিয়ে ফ্যাশন হাউস ‘এমপ্রেস’। এবারের ঈদে তিনি এমপ্রেসের সবুজ ও গোলাপি রঙের মিশেলের সালোয়ার-কামিজ পরবেন। তবে লাল ও কালো শেডের লম্বা কামিজও রয়েছে তাঁর পছন্দের তালিকায়। এর সঙ্গে পরবেন সাদা সোনা ও হীরার গয়না। ঈদের দিনে তিনি রান্না করবেন মরক্কোর ঐতিহ্যবাহী কুচকুচবিফ তাজিন (বিরিয়ানির মতো একধরনের খাবার)। তবে তাঁর পছন্দ শ্বশুরের রান্না করা তেহারি।নোরা বলেন, মরক্কো আর বাংলাদেশের ঈদ সংস্কৃতি প্রায় একই। মরক্কোতেও সকালে ছেলেরা দল বেঁধে নামাজে যায়। তারা নামাজ থেকে ফিরে এলে সবাই মিলে একসঙ্গে নাশতা করা হয়। নাশতার আয়োজনে থাকে মজার মজার পদ। সবাই সবাইকে উপহার দেওয়ার একটা রীতিও আছে। উপহার ছোট-বড় যাই হোক না কেন, তা পাওয়ার আনন্দটা হয় বিশাল। নোরার কাছে ভালোলাগার অনুভূতি হলো, মরক্কোর মতো বাংলাদেশেও বছরের পর বছর ধরে ঈদ আনন্দ উদ্যাপনের কোনো পরিবর্তন নেই। এভাবেই যুগ যুগ ধরে টিকে আছে পারিবারিক বন্ধন।ঈদের দিনে ইন্দোনেশীয় পোশাকই পরববাংলাদেশের ছেলে, ইন্দোনেশিয়ার মেয়ে। দেখা হলো দিল্লির একটি সম্মেলনে। পরিচয় সেখানে। মাঝে কেটে গেল ছয় মাস। পুরো কাকতালীয়ভাবে ফের মালয়েশিয়াতে দেখা। এবার হলো বন্ধুত্ব। প্রযুক্তির আশীর্বাদে ইন্টারনেটে প্রেম। সিদ্ধান্ত নেয় বিয়ের। ইন্দোনেশিয়া থেকে এল বাংলাদেশের বউ। গল্পটা নভিয়ান্তি অ্যাডরিয়াল ও নাদিম আহমেদ চৌধুরীর। ‘প্রায় দুই বছর হলো বিয়ে হয়েছে। এর মধ্যে তিনটি ঈদ বাংলাদেশে করেছি। একটি ঈদ ইন্দোনেশিয়ায় করেছি।’ বললেন নভিয়ান্তি অ্যাডরিয়াল। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে যৌথ পরিবারে থাকেন। ‘বিয়ের পর প্রথম ঈদটা ছিল অন্যরকম। ভিন্ন একটা পরিবেশে। অচেনা সব মানুষ। কিন্তু সবাই এত আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছে যে কোনো অসুবিধা হয়নি। আমাদের বিয়ের দুই মাস পরই ছিল ঈদ। নতুন বউয়ের আমেজ তখনো যায়নি। সেবারের ঈদে কত রকমের যে উপহার পেয়েছিলাম। পরের ঈদে পরিবারের ছোটরা বলেছিল, এবার তোমাকে কিন্তু আমাদের সালামি দিতে হবে। ইন্দোনেশিয়াতেও এই রীতির প্রচলন আছে। সবাইকে সালামি দিতে পেরে ভীষণ মজা পেয়েছি।’পুরোপুরি বাংলা বলতে না পারলেও বুঝতে কোনো অসুবিধা হয় না নভিয়ান্তির। ঢাকায় একটি ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষকতা করছেন। নভিয়ান্তির ঈদের আগে ব্যস্ততার শেষ থাকে না। পরিবারের সবার জন্য কেনাকাটা, চাঁদরাতে কুকিজ, কেক তৈরি করার কাজটি করতে খুব ভালোবাসেন। তাঁর হাতে তৈরি গাজরের কেক তো শ্বশুরবাড়ির সবার খুব প্রিয়। ‘ঈদের দিনে ইন্দোনেশিয়ার মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক “কাবায়্যা” পরি। যদিও জামদানি শাড়ি ভীষণ প্রিয়। সকালে ঘর সাজিয়ে, অতিথি আপ্যায়ন করে বাংলাদেশে ইন্দোনেশিয়ার দূতাবাসে যাই সবার সঙ্গে দেখা করতে। সন্ধ্যায় আবার ব্যবসায়ী স্বামী নাদিমের সঙ্গে ঘুরতে বের হই। এভাবেই কেটে যায় ঈদের দিনগুলো।’ঈদ কী প্রথমবার বুঝতে পারিনিঅবাক হয়ে তাকিয়ে আছেন মারিসোল। কিছুই বুঝতে পারছেন না। বয়সে ছোটরা এসে সালাম করছে। এরপর হাসিমুখে তাকিয়ে আছে তার দিকে। সবারই চাহনিতে প্রত্যাশা। ঘটনাটা একটু পরই জানতে পারলেন স্বামীর কাছ থেকে। সালামি দিতে হবে। বাংলাদেশে করা প্রথম ঈদের দিনটি শুরু হয়েছিল অনেকটা এভাবেই। তখন ঈদ কী জানতেন না। তবে এ বছর আগেভাগেই জেনে নিয়েছেন সবকিছু। এ কারণে ঈদে আনন্দটাও হবে বেশি। মারিসোল রোহাস গনসালেস। জন্ম ম্যাক্সিকোতে। সেখানেই বেড়ে ওঠা। ২০০০ সালের কথা। কাজ করতেন জাপানিজ একটি প্রতিষ্ঠানে। একই প্রতিষ্ঠানে কাজ করতেন বাংলাদেশি রাজু আলাউদ্দিন। কাজের মধ্য দিয়েই দুজনের পরিচয়। এরপর ভালোলাগা, ভালোবাসা, অতঃপর ২০০১ সালে বিয়ে। বর্তমানে আড়াই বছর ধরে স্বামীর সঙ্গে বাংলাদেশে আছেন। পরিবারে আরও আছে ১০ বছরের ছেলে নিজার হাবিব আলাউদ্দিন এবং ছয় মাসের ফুটফুটে মেয়ে মায়া লাবিব আলাউদ্দিন রোহাস।ঈদের কোন বিষয়টি সবচেয়ে ভালো লাগে জানতে চাইলে তিনি বলেন, ‘পরিবারের সবাই একসাথে হয়। আনন্দময় সময় কাটায়। অনেক রান্না, এরপর সবাই মিলে খাওয়া-দাওয়া করা—এ সবই ভালো লাগে আমার।’ ঈদ উপলক্ষে নতুন কাপড় পরার বিষয়টিকেও অনেক উপভোগ করেন মারিসোল। ঈদের রান্না এখনো খুব একটা আয়ত্ত হয়নি। তবে বিশেষ দিনটির জন্য করা সেমাই, মুরগির কোরমা, পায়েস ইতিমধ্যেই পছন্দের তালিকায় চলে এসেছে।প্রথম দিকে অনেকটাই একাকিত্বে ভুগতেন মারিসোল। অজানা ভাষা অন্যতম কারণ ছিল। নিজের প্রয়োজনেই এরপর ভাষা শিখতে শুরু করেন। শিক্ষক হিসেবে ছিলেন নিজেই। ‘বাজারে যেতাম। দোকানদারদের কথা শুনতাম, আশপাশের মানুষের কথা শুনতাম। বাংলা ভাষাটি এরপর বেশ মজা নিয়েই শিখেছি। সব যে বুঝি, তা নয়। এখনো তাই শেখার মধ্যেই আছি।’ ভাষা শেখার এই অভিজ্ঞতাটুকু বাংলাতেই জানালেন মারিসোল।স্বামী রাজু আলাউদ্দিন প্রাবন্ধিক, অনুবাদক ও কবি। পাশাপাশি তিনি কাজ করছেন বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমে সহকারী সম্পাদক হিসেবে। স্ত্রী মারিসোলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সংসার এবং সন্তানদের প্রতি ভীষণ যত্নবান মারিসোল। এ কারণে আমার লেখার সময়-সুযোগ অনেকাংশেই বেড়ে গেছে।’ মারিসোল এখন সময়টা পুরোপুরি উপভোগ করছেন গৃহিণী হিসেবে। তবে সামনেই স্প্যানিশ ভাষার ওপর কোর্স করানোর ইচ্ছার কথা জানান।মারিসোল রোহাস গনসালেস এবারের ঈদটা করতে চান ঢাকার বাইরে। ঢাকার কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে ঈদের আনন্দটা উপোভোগ করতে চান পুরোদমে। তবে যেখানেই থাকুক না কেন, এই ভালোলাগাটুকু ভাগ করে নিতে চান পরিবারের সদস্যদের সঙ্গেই।ঈদের দিনে শাড়িই পরবেনসাজতে খুব পছন্দ করেন তিনি। কৃষ্ণ সাগরপাড়ের মেয়ে লিজিয়া ম্যারিনা এন্যাকিত্তই। রোমানিয়ার তরুণী হয়ে বাংলাদেশের ছেলে বিয়ে করে বনে গেছেন বাঙালি বধূ। ভিন্ন সংস্কৃতির হয়েও তিন বছরেই মানিয়ে গেছেন তিনি। ঢাকার সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে ইংরেজির এই শিক্ষককে একঝলকে বাঙালি বলে ভুল করবেন। কারণ, বাংলা ভাষাটাও এর মধ্যে রপ্ত করে নিয়েছেন তিনি। পাশ্চাত্য পোশাক নয়, বরং এ দেশীয় সালোয়ার-কামিজই তাঁর পছন্দের পোশাক। এবারের ঈদে তিনি পরবেন শাড়ি। উৎসব অনুষ্ঠানে শাড়ি পরতেই বেশি পছন্দ করেন তিনি। কলাপাতা রং কাতানের শাড়িতে থাকবে কাঁঠালি পাড়। এর সঙ্গে পরবেন সোনার চিকন চেইন। দুই হাতে আংটি থাকলেও চুড়ি পরবেন এক হাতে। অন্য হাতে থাকবে সোনালি ঘড়ি। ঈদের দিনে শাশুড়িকে রান্নায় সাহায্য করবেন। নিজেও করবেন তাঁর প্রিয় কাবাব তৈরি। মাছ বা মাংসের কাবাব বানানো ছাড়াও আরও একটি জিনিস করবেন ঈদের দিনে, তা হলো পায়েস। ঈদে ময়মনসিংহে বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা আছে তাঁর। বেড়ানোর তালে খোঁজখবর নিয়ে নেওয়া হবে আত্মীয়স্বজনেরও। তাঁর দেশের বড় দিনের মতো এ দেশের ঈদও যে একটি পারিবারিক উৎসব। ঈদকে নিয়ে এটি তাঁর সবচেয়ে ভালো লাগার অনুভূতি।