ভিনদেশি সওদাগর
হাঞ্জু উ হেলেন ঢাকায় এলেন এক মাস হতে চলল। বাংলাদেশে এসেছেন নিজের ব্যবসাটাকে পাকাপোক্ত করতে। দক্ষিণ কোরিয়ার মেয়ে হেলেনের সঙ্গে দেখা হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিডি কোরিয়ার পরিসরে। ক্রেতাদের দেখলেই হাসিমুখে এগিয়ে যাচ্ছেন তিনি। তারপর খাঁটি বাংলায় বলছেন, ‘কেমন আছেন? ভালো আছেন?’প্রায় থতমত খেয়ে যাওয়ার দশা হলো তাঁর প্রায় শুদ্ধ উচ্চারণ শুনে। শব্দের ভান্ডার অবশ্য সীমিত। তবুও ক্রেতাদের সঙ্গে টুকটাক বাংলা বলে ঠিকই কাজ চালিয়ে নিচ্ছেন তিনি। ক্রেতারাও বেশ খুশি এই কোরিয়ান মেয়েটার বাংলায় আধো আধো বোল শুনে। হেলেন জানালেন, কোরিয়ায় তিনি একটা স্কুলে ইংরেজি শেখাতেন। তারপর হঠাত্ করেই চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করলেন। প্রসাধন, ভেষজ জিনসেং আর কম্ফোর্টার এসব দিয়েই সাজিয়েছেন তাঁর ডালি। ঢাকায় কেমন লাগছে জানতে চাইলে অবশ্য খুব বেশি ভালো কথা বেরোল না তাঁর মুখ দিয়ে। ট্রাফিকের যন্ত্রণা আর শহরের ধুলোবালির অত্যাচারে খানিকটা বিরক্তও মনে হলো। আমাদের তেল মসলাওয়ালা খাবার খেতে খেতে কোরিয়ার আধা সেদ্ধ শাক, মাছ আর রুটির কথাটা একটু বেশি নাকি মনে পড়ে তাঁর। কিন্তু বাংলাদেশের মানুষের কথা পাড়তেই মুখে অন্য রকম হাসি ফুটল হেলেনের। বললেন, ‘বাংলাদেশের মানুষ খুব ভালো, খুব আন্তরিক। আর এখানকার মানুষ এত অতিথিপরায়ণ, এই জিনিসটাই খুব ভালো লাগে আমার।’শতব্যস্ততার মধ্যেও অল্প-বিস্তর ঘুরে দেখেছেন বাণিজ্য মেলা। কিছু পছন্দ হলো?জানতে চাইলে জবাব দিলেন, ‘হুম...স্যান্ডেল।’ বলেই হেসে ফেললেন। তারপর যোগ করলেন, ‘বাংলাদেশি স্যান্ডেল খুব ভালো, সুন্দর।’ চলে আসার সময় বিদায় দিলেন বাংলাতেই, ‘ধন্যবাদ! আবার আসবেন!’হেলেনের মতো এত দ্রুত বাংলা শিখতে পারেননি বলেই থাইল্যান্ডের সানমান আর তাসনিমকে বেশ বিপদেই পড়তে হয়েছে। সঙ্গে এখন একটা ‘ইংলিশ টু থাই’ ডিজিটাল ডিকশনারি নিয়ে বসতে হয়। অবশ্য তাঁদের স্টলের বাংলাদেশি বিক্রয়কর্মী নবনীতা থাকেন বলে কিছুটা রক্ষা। নইলে অভিধান দেখিয়ে দেখিয়েই বেচাবিক্রি চালাতে হতো তাঁদের। থাইল্যান্ডের স্পেশাল প্যাভিলিয়নে তাঁদের আছে ছোট্ট একটা স্টল। জিনিসপত্র তেমন আহামরি কিছু নয়, গাড়ির স্টিকার, এয়ার ফ্রেশনার, মসলা মাখানো বাদাম, এসব ছোটখাটো পণ্য উঠেছে তাঁদের স্টলে। কিন্তু এসবই কি আগ্রহ নিয়ে বিক্রি করছেন তিনজন মিলে! তাই আবার চড়িয়েছেন ১৫ শতাংশ ছাড়ের পোস্টার, লোকজন তাই ভালোই খোঁজখবর করে তাঁদের স্টলে। জানা গেল, সানমান আর তাসনিম দুজনেই পড়াশোনা করছেন তাঁদের দেশে। পড়াশোনার ফাঁকে টু-পাইস কামাতে ঢাকায় আসা। উঠেছেন ঢাকায় তাঁদের এক আত্মীয়ের বাড়িতে। সারা দিনের ব্যাস্ততায় ঢাকা শহরটা খুব একটা দেখার সুযোগ হয়ে ওঠেনি তাঁদের। কিন্তু যতটুকু দেখেছেন তাঁর যে খুব একটা পছন্দ হয়নি, সেটা বোঝা গেল নাকের মধ্যে সারাক্ষণ সার্জিক্যাল মাস্ক লাগিয়ে রাখতে দেখে। ঢাকার কী কী ভালো লাগল প্রশ্নে মুখে লাগানো মুখোশটা নামিয়ে তাঁরা উত্তর দিলেন, তাঁদের মনে ধরেছে সিএনজিচালিত অটোরিকশা আর রিকশা।চীনের শেরেন রিউ আর তাঁর স্বামী গয়নার দোকান নিয়ে বাণিজ্য মেলায় বসছেন বেশ কয়েক বছর ধরে। তাঁদের দোকানে পাওয়া যায় সিটি গোল্ডের গয়না আর ভ্যানিটিব্যাগ। চীন থেকে এসব পণ্য নিয়ে এসে এখানে বিক্রি করেন তাঁরা। স্বভাবতই নারীরা বেশ ভিড় করেন সেখানে। শেরেন রিউয়ের তাই ফুরসত নেই একদমই। নারীদের এ গয়না ওই গয়না দেখান। দরদাম করেন। সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। বললেন, ‘প্রথম প্রথম বেশ সমস্যা হতো। তখন বাঙালি সহকর্মীদের সাহায্য নিতে হতো বারবার। এখন আর খুব একটা সমস্যা হয় না। বেশ বুঝতে পারি ক্রেতারা কী চাচ্ছেন আর চাচ্ছেন না।’এ সমস্যাটা পোহাচ্ছেন অবশ্য চীন থেকে এবারই প্রথম বাণিজ্য মেলায় আসা বেটি আর জুলি। তাঁদের দেখলে নাকি খদ্দের খামোখা খামোখা হাসে। আর তাঁদের না বলেই ঠুসঠাস ছবি তুলে নিয়ে যায়। তাই লোকজনের ওপর ভীষণ বিরক্ত তাঁরা দুজনেই। তবে তাঁদের ব্যবসা বেশ ভালোই হচ্ছে বলে জানালেন তাঁরা। সুযোগ পেলে আবার আগামী বাণিজ্য মেলায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে বলে জানালেন তাঁরা। নিজেদের জন্য এ মেলা থেকে কিছু কিনতে চান কি না তা জানতে চাইলে দুজনেই আঙুল তুলে দেখালেন সামনের বাংলাদেশি একটি স্টলে ঝুলিয়ে রাখা সুতোর কারুকাজ করা শালের দিকে। বললেন, ‘খুব বেশি ঘোরার সুযোগ পাইনি। তবে আমাদের দুজনেরই পছন্দ হয়েছে এই জিনিসটা। তাই মেলা শেষে নিজেদের জন্য দুটো কিনে নিয়ে যেতে চাই আমরা।’তুর্কি থেকে আসা জোহানও জানালেন ভালো ব্যবসার কথা। এবারই প্রথম বাবা জামালকে নিয়ে বাণিজ্য মেলায় এসেছে সে। সঙ্গে আছে নিজেদের তৈরি করা ক্রিস্টাল আর সিরামিকের পণ্য। সুন্দর সুন্দর সব ক্রিস্টালের খেলনা, ঝাড়বাতি আর ঘর সাজানোর জিনিস রয়েছে তাঁদের স্টলে। তবে এতটুকু এতটুকু একেকটা জিনিসের দাম শুনলে পিলে চমকে যায়। বাংলায় কিছু বলতে শিখেছেন কি?—এ প্রশ্নে সে জন্যই বোধ হয় জোহান আর তাঁর বাবা একসঙ্গে জবাব দিলেন ‘এক দাম!’