ভিনদেশিদের ক্যামেরায় ঢাকা
নগরে চলছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা-৬’। বিশ্বের ২৯টি দেশের আলোকচিত্র ঠাঁই পেয়েছে এ উৎসবে। ফলে ওই সব দেশের আলোকচিত্রী আর ছবিপ্রেমীরাও এসেছেন ঢাকায়। ছবিমেলার ছবি দেখার পাশাপাশি শহরটাকেও ঘুরেফিরে দেখছেন তাঁরা। তাঁদের ক্যামেরায়ও ধরা পড়ছে নগরের নানা চিত্র।এই দলে আছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ক্রিস রাইলি। আলোকচিত্রের প্রতি তাঁর যে গভীর টান, সেটা বোঝা গেল খানিকক্ষণ কথা বলতে গিয়েই। আর ওই টানেই আন্তর্জাতিক আলোকচিত্রের উৎসব ছবিমেলায় যোগ দিতে দ্বিতীয়বারের মতো ঢাকায় হাজির হয়েছেন তিনি। ঢাকায় এসে অবশ্য বসেও থাকেননি, ঘুরে ঘুরে বেশ কিছু ছবি তুলেছেন। তাই নিয়ে ক্রিস রাইলি বলছিলেন, ‘তোমাদের এই শহরটা এমন ব্যস্ত, তা দেখে আমার খালি নিউইয়র্কের কথা মনে পড়ে যায়। দুটো শহরেই প্রচুর মানুষ, প্রচুর ব্যস্ততা। অবশ্য এ শহরের মানুষগুলো ঠিক আমাদের মতো নয়। বরং অনেক বেশি আন্তরিক। যেখানেই গেছি এই জিনিসটা আমার নজরে পড়েছে সব সময়।’আফ্রিকার দেশ টোগোর আবদুল গনি ডারমানির বেশি নজরে পড়েছে ঢাকার রিকশা। তিন চাকার এই বাহনটা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তাঁর ভাষ্য, ‘তোমাদের এখানে আছে রিকশা আর আমাদের ওখানে আছে মোটরসাইকেল। দুটোর ভূমিকা প্রায় একই রকম। টোগোতে কেউ কোনো চাকরি জোটাতে না পারলে একটা মোটরসাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়ে। তারপর তোমাদের রিকশার মতোই পেছনে সওয়ারি নিয়ে এখানে-ওখানে ভাড়া খাটে।’কদিনের জন্য এসে এ শহরটাকে বেশ ভালো লেগেছে তাঁর, ভালো লেগেছে এ শহরের মানুষগুলোকে। সে কথাই বলছিলেন আবদুল গনি ডারমানি, ‘শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে মনে হলো, এখানে আসলে দেখার মতো অনেক কিছু আছে। জীবনটা এখানে অনেক বেশি বৈচিত্র্যময়। আর এ শহরের মানুষগুলো ঠিক কাছের বন্ধুর মতোই আচরণ করে।’ আরিয়াডনি ভ্যান ডি ভেনও স্বীকার করলেন এ কথাটাই। দেশে-বিদেশে গিয়ে পথে পথে ঘুরে মানুষের মুখচ্ছবি তোলেন তিনি। লন্ডন থেকে ছবিমেলায় যোগ দিয়ে এ দেশে আসার আগে কলকাতা ঘুরে এসেছেন আরিয়াডনি। রাস্তায় রাস্তায় ঘুরে ঢাকা শহরটা বেশ দেখা হয়ে গেছে এ কদিনে। এ দুটো শহরের মধ্যে মিল-অমিল কেমন, জানতে চাইলে আরিয়াডনি বলেন, ‘কলকাতা অনেকটা ঢাকার মতোই। তবে ওদের পরিবর্তনটা হচ্ছে খুব দ্রুত। তাই মানুষগুলোও পাল্টে যাচ্ছে। দুটো শহরের মানুষ একই ভাষায় কথা বলে, কিন্তু ঢাকার মানুষগুলো তুলনামূলকভাবে অনেক বেশি সহজ-সরল। খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে।’মুম্বাইয়ের ডেভিড ডি সুজা কিন্তু বললেন ভিন্ন কথা। প্রতিবেশী দেশ ভারত থেকে এলেও নিজেকে ভিনদেশি ভাবতে খানিকটা আপত্তি আছে তাঁর। তিনি বলছিলেন, ‘আমি ভারতের নাগরিক এটা ঠিক। কিন্তু ভালো করে দেখো, তোমাদের গায়ের রং আর আমার গায়ের রং একই। চেহারাতেও আমাদের ভেতর অনেক মিল রয়েছে। মিল রয়েছে দুই দেশের মানুষের স্বভাব আর সংস্কৃতিতেও। ঢাকার সঙ্গে তাই মুম্বাইয়ের পার্থক্যটা আমার তেমন চোখে পড়ছে না। তফাত যা, সে কেবল ভাষাতেই।’পশুপাখির প্রতি অগাধ মমতা বলে খাঁচায় বাঁধা পড়া প্রাণীদের হূদয় নাড়া দেওয়া আলোকচিত্র নিয়ে এবারের ছবিমেলায় হাজির হয়েছেন অস্ট্রেলিয়ার কেলি হুজে স্মিথ। ঢাকার রাস্তায় এখানে-ওখানে বেওয়ারিশ কুকুর নিধনের কথা শুনে তাঁর মনটা খারাপ হয়েছে। তবে ঢাকার খাবারদাবার তাঁর ভারী পছন্দ হয়েছে। তিনি বলেন, ‘আমি মাংস খাই না। তাই অন্যান্য জায়গায় গিয়ে একটু সমস্যায় পড়তে হয়। এখানে মানুষ মাছ খায় প্রচুর। ডাল, সবজিও পাওয়া যায় সব সময়। খাওয়া নিয়ে তাই তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি আমার।’কেলি হুজে স্মিথকে অন্য সবকিছুর চেয়ে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এ শহরের জীবনযাত্রা। তাঁর কথা, ‘এ শহরটা এতটাই প্রাণবন্ত যে সব সময় চারপাশে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কেননা প্রতিমুহূর্তে এখানে কিছু না কিছু ঘটছেই। এখান থেকে ফিরে যাওয়ার পর কয়েকটা দিন সবকিছু বড় চুপচাপ মনে হবে। খুব একা লাগবে তখন।’