ভিন্ন আঙ্গিকে কবিগুরুর গান
কবিতা কিংবা গল্প নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তেমন উচ্চকণ্ঠে কিছু না বললেও নিজের লেখা গানের ব্যাপারে জোর দিয়েই বলেছিলেন, ‘আমার গান তোমাদের গাইতেই হবে।’ দেশে দেশে কবির এই কথার প্রমাণ মিলেছে যুগে যুগে। নানা ভাষায়, নানা সংস্কৃতিতে বিচিত্র আঙ্গিকে রবীন্দ্রসংগীতের উপস্থিতি লক্ষণীয়। বলিউডের গানে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে।গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে ছিল ‘বলিউডের গানে রবীন্দ্রসংগীতের প্রভাব’ শীর্ষক আলেখ্যানুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অনুরাধা রমা চৌধুরী ও দিয়া চক্রবর্তী। ধারাবর্ণনায় ছিলেন তৌফিক আল মান্নান ও জয়দীপ ভাদুড়ী।অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমী। শিল্পীরা প্রথমে শুনিয়েছেন রবীন্দ্রনাথের জনপ্রিয় কিছু গান। পরে সেই গানই হিন্দিতে পরিবেশন করেন। ফাঁকে ফাঁকে গানটি কোন ছবিতে কবে ব্যবহূত হয়েছে, কিংবা সেই গানের প্রভাব হিন্দি জনপ্রিয় কোন গানে রয়েছে, তা বর্ণনা করা হয়। ফলে শ্রোতাদের কাছে আয়োজনটি দারুণ উপভোগ্য হয়ে উঠেছিল। শিল্পীদের পরিবেশনায় ছিল ‘সেদিন দুজনে’, ‘খরবায়ু বয়’, ‘হে ক্ষণিকের অতিথি’, ‘তোমার খোলা হাওয়া’, ‘আগুনের পরশমণি’, ‘যদি তারে নাই চিনি গো’, ‘আমার হল শুরু’—এসব গান। অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পী অনুরাধা রমা চৌধুরী কলকাতার গীতবিতান শিক্ষায়তন থেকে স্বর্ণপদকসহ গীতভারতী ডিগ্রি লাভ করেন। ২০০২ সালে তিনি রবীন্দ্রসংগীতের ওপর গবেষণার জন্য কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক সম্মানিত হন এবং ২০০৫ সালে ‘বিলেতি গান ও রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি সিডি প্রকাশ করেন