ভিন্ন ওয়েবসাইটে হিযবুতের সরকারবিরোধী প্রচারণা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে হিযবুত তাহরীরের বিভিন্ন সাংগঠনিক ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হলেও এখনো বেশ কয়েকটি সাইট চালু রয়েছে। এসব ওয়েবসাইটে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রচার করছে সংগঠনটি। বাংলাদেশ থেকেই যে কেউ চাইলে এ ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে।দেখা গেছে, www.khilafah.com, www.hizb-ut-tahrir.info, www.mykhilafah.com, www.hizb-australia.org, www.mykhilafah.com প্রভৃতি ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনটি তাদের বক্তব্য ও কার্যক্রম প্রচার করছে। ১৯ জানুয়ারি সেনাসদরের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা সরকারকে উত্খাতের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী। সাবেক ও বর্তমান কিছু সেনাসদস্য এ অভ্যুত্থান-চেষ্টার সঙ্গে জড়িত। সরকারকে উত্খাতের এ ব্যর্থ চেষ্টার পেছনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ইন্ধন ছিল।এ ঘটনার পরপরই হিযবুত তাহরীর দুটি ওয়েবসাইটে (www.khilafah.com., www.hizb-ut-tahrir.info) একটি সংবাদ বিবৃতি প্রকাশ করে। ওই সংবাদ বিবৃতির শিরোনামে বলা হয়, ‘বাংলাদেশের মুসলমান সেনাবাহিনীর বিরুদ্ধে ইন্দো-মার্কিন প্রভুদের সঙ্গে ষড়যন্ত্র করার জন্য বিশ্বাসঘাতক হাসিনাকে অবশ্যই উত্খাত করতে হবে।’বিবৃতিতে বলা হয়, হিযবুত তাহরীর জুমার নামাজের পর দেশ জুড়ে মসজিদের বাইরে সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে বক্তারা বাংলাদেশের মুসলমান সেনাবাহিনীর বিরুদ্ধে ইন্দো-মার্কিন প্রভুদের সঙ্গে ষড়যন্ত্র করার জন্য হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, বক্তারা হাসিনা ও বর্তমান সরকারকে উত্খাত করে হিযবুত তাহরীরের কাছে ক্ষমতা দেওয়ার জন্য সত্ সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া হিযবুতের মিডিয়া অফিসের ওয়েবসাইটের (www.hizb-ut-tahrir.info) হোম পেইজে ‘বাংলাদেশে হিযবুত তাহরীরের ডাক’ শীর্ষক একটি প্রচারণামূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। ওই বিজ্ঞাপনে শেখ হাসিনাকে উত্খাতের আহ্বান জানানো হয়েছে। ২০০১ সালে ধর্মভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর এ সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। উগ্র ধর্মীয় মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ এবং পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান, জার্মানি, রাশিয়াসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।