প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘যা বলার সংসদে এসে বলুন। ভিন্ন পথ খুঁজে ক্ষমতায় যাওয়া বাংলাদেশে আর হবে না।’আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টার বিষয়টি উদঘাটন ও নস্যাত্ করায় প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তারা বিষয়টি ধরতে পেরেছে। এতে তারাও বেঁচে গেছে, দেশও বেঁচে গেছে। বিষয়টি সময়মতো উদঘাটিত না হলে কী হতো?’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিলেন ডিসেম্বরের পর সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এখন এর অর্থ বোঝা গেল। সেই লক্ষণই এখন দেখা যাচ্ছে। জনগণ তাঁকে (খালেদা জিয়া) ভোট দেবে না বুঝতে পেরেই তিনি এসব করছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেনাবাহিনীর কাঁধে বন্দুক রেখে যারা ক্ষমতায় এসেছে; তারা হত্যা, অভ্যুত্থান করে সেনাবাহিনীর ক্ষতি করেছে। প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। বিএনপির আমলে ঢাকা উপনির্বাচনে যেসব কাণ্ড হয়েছিল জনগণ তা ভুলে যায়নি। বঙ্গবন্ধুর খুনিদের রাজনীতিতে পুনর্বাসনের জন্য তিনি জিয়া ও এরশাদকে দায়ী করেন।