ভিন্ন পরিস্থিতি করুণ পরিণতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে মোশাররফ হোসেনের (২২)। গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিয়ে আসার সময় নাটোরে ট্রাকে আগুন দেয় হরতালকারীরা। ট্রাকের ভেতরে ছিলেন মোশাররফ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি।ঠিক বিপরীত আরেকটি ঘটনা। মাত্র ১০০ টাকা পেয়ে ঢাকার মিরপুরে বাসে আগুন দিয়েছে মাসুদ শেখ (১৭)। কিন্তু ধরা পড়েছে জনতার হাতে। গণপিটুনি খেয়ে মাসুদ এখন মিরপুর থানার হাজতে বন্দী।মোশাররফ, মাসুদ দুজনই বয়সে তরুণ। তবে বাস্তবতা দুজনকে দুই জায়গায় নিয়ে গেছে। ঘামে ভেজা জীবনে একটু ভালো থাকার চেষ্টা করছিলেন, সেই সময়ই মোশাররফকে পুড়তে হলো এভাবে। লক্ষ্য ও কর্মহীন মাসুদ শেখের মতো কোনো তরুণই হয়তো তার সঙ্গে একটি পরিবারের ভবিষ্যৎকে ঝলসে দিয়েছে।আগুনে পুড়লেন মোশাররফ: বার্ন ইউনিটের চারতলায় মোশাররফকে পাওয়া গেল। মাথা বাদে সারা শরীরে ব্যান্ডেজ। মুখের চামড়া যেন খুলে পড়ছে। পুড়ে গেছে মাথার চুলও। শিয়রে বসা বাবা আইয়ুব আলী মাতবর। ‘কী হয়েছিল’ আইয়ুব আলীর কাছে জানতে চাইলে পাপড়িহীন চোখ মেলে মোশাররফ ইশারায় আরও কাছে ডাকেন।ধরাগলায় বললেন, ‘আমরা কানসাট হাট থিকা আইতাছিলাম। নাটোর শহরের কাছাকাছি আইছি (নাটোর শহরে ঢোকার মুখে, তেবাড়িয়ায়)। হঠাৎ দেহি রাস্তার উপরে কয়ডা গাছ ফেলানো। ড্রাইভার জায়গায় ব্রেক করল। গাড়ি থামার লগে লগে ১০-১৫টা পোলা দৌড়ায়া আইল। কয়েকজনের হাতে লাডি আর বোতল। কয়েকজন ঢিলাইতে শুরু করল। কয়েকজন আইয়াই লাঠি দিয়া বাইড়ানি শুরু করল। এর মইধ্যে একজন একটা বোতল মারল। মুহূর্তের মধ্যে পুরা গাড়ির ভিতরে আগুন ধইরা গেল। আমি আগুনের মইধ্যে। বাইরাইতে পারতাছিলাম না। পরে জানলা দিয়া লাফ দিলাম। পড়লাম জঙ্গলে (ঝোপ)। হেরপর দুইডা পোলা দৌড় দিয়া আয়া আমারে উডাইল। কিন্তু আমারে পুড়া দেইখা ফালাইয়া দৌড় দিল।’মোশাররফের বাবা জানান, আম আনতে গত মঙ্গলবার রাজশাহীতে গিয়েছিলেন মোশাররফ। তাঁর কয়েক মণ আমের সঙ্গে আরও তিনজন ব্যবসায়ীর আমও ছিল। আনতে গিয়েছিলেন তিনি একা। আম কেনা হয়ে গেছে। কিন্তু ঢাকায় আনতে না পারলে পচতে শুরু করবে সব আম। উপায়ন্তর না পেয়ে তিনি কানসাট থেকে ট্রাক ভাড়া করে বুধবার রাতে রওনা দেন। ট্রাকের ভেতরে তিনি, চালক ও সহকারী (হেলপার) ছিলেন।মোশাররফের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। ঢাকার হাজারীবাগের কোম্পানিঘাটে মা-বাবার সঙ্গে থাকেন তিনি। মোশাররফের বাবা আইয়ুব আলী ফুটপাতে কলা বিক্রি করেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে মোশাররফ দ্বিতীয়।বাবা আইয়ুব আলী বলেন, ফুটপাতে ফলের দোকানে মোশাররফ তাঁকে সাহায্য করতেন। ধীরে ধীরে তাঁরা ব্যবসার পরিধি বাড়ান। মোশাররফ রাজশাহী থেকে আম এনে ঢাকায় বিক্রি করা শুরু করেন। এ মৌসুমে ব্যবসা ভালোই জমেছিল। কিন্তু আমের সঙ্গে মোশাররফ আর তাঁর পরিবারের সব স্বপ্নই যেন পুড়ে গেল। পুঁজি শেষ। ছেলের শুধু জীবনটুকু ঝুলে আছে। দিশেহারা আইয়ুব আলী।চিকিৎসক সাজ্জাদ খন্দকার প্রথম আলোকে বলেন, মোশাররফের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। যথাসাধ্য চেষ্টা করছেন চিকিৎসকেরা।নাটোরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় কানসাটের আমের ব্যবসায়ী রফিকুল ইসলাম নাটোর থানায় একটি মামলা করেছেন। পুলিশ চারজনকে আটক করেছে।বাস পোড়ানো মাসুদ: মিরপুর থানার হাজতে বন্দী মাসুদ শেখ। গণপিটুনিতে আহত। কপাল, ঠোঁটে ক্ষতচিহ্ন। হালফ্যাশনের শার্ট আর জিনসের প্যান্টে ছোপ ছোপ রক্ত। গত বুধবার গভীর রাতে মিরপুর ১৩ নম্বরে ইটিসি পরিবহনের পার্ক করে রাখা একটি বাস পোড়ানোর সময় জনতার হাতে ধরা পড়ে মাসুদ। গণপিটুনি দিয়ে পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।মাসুদ প্রথম আলোকে বলে, বুধবার রাত ১১টার দিকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত স্থানীয় ইউসুফ, রুবেল ও মিঠু ডেকে নিয়ে যান মাসুদ ও শাওন নামের আরেক তরুণকে। মাসুদ বলে, ‘আমারে আর শাওনরে হেরা (তিনজন) আদর্শ স্কুলের সামনে ডাইকা কইল, বাসে আগুন দিতে পারবা? দিলে টেকা পাইবা। আমার হাতে ১০০ টাকা দিয়া কইছে, “যাও, নাশতা করো গা। কাম শ্যাষ হইলে সেফে (নিরাপদ জায়গায়) গিয়া মিসকল দিবা। হেরপর কতা অইব।’”মাসুদ জানায়, ওই তিনজন তার হাতে কাপড়ে পেঁচিয়ে একটা বোতল দেন। বলে দেন এটা কীভাবে ব্যবহার করতে হবে।মাসুদ বলে, ‘আমারে কইছে গাড়ির (বাসের) জানলা খুইলা বোতল থেকে একটু তেল (পেট্রল) ছিটাইবা। বাকি তেলসহ বোতলডা গাড়ির মাঝখানে মারবা। এরপর ম্যাচ মারবা।’মাসুদ জানায়, তারা (শাওনসহ) গভীর রাতে মিরপুর আইডিয়াল স্কুলের সামনে পার্ক করে রাখা একটি গাড়ির পেছনের জানালা খুলে তেল ঢেলে বোতলটি ভেতরে ছুড়ে মারে। এরপর ম্যাচ জ্বেলে ভেতরে কাঠি ফেলে দৌড় দিলে কয়েকজন স্থানীয় লোক তাকে ধরে ফেলে। শাওন পালিয়ে যায়। এরপর শুরু হয় গণপিটুনি।মাসুদের বাবা সৈয়দ শেখ নিরাপত্তাকর্মীর কাজ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে মাসুদ দ্বিতীয়। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর মাসুদ আর স্কুলে যায়নি।জানতে চাইলে মাসুদ জানায়, ‘আমি কিছুই করি না। ছুড বইলা কেউ চাকরি দেয় না। স্কুলেও যাই না। কাম শ্যাষে হ্যারা আমারে টাকা দিতে চাইছে, তাই করছি। তয় কত টাকা দিব হেইডা কয়নি।’বাস পোড়ানোর ঘটনায় মাসুদসহ কয়েকজনকে আসামি করে মিরপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ।