ভিন্ন রকম অবরোধের মুখে উপাচার্য ও সহ-উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল শনিবার শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে ও কার্যালয়ে গিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। এর আগে উপাচার্য ও সহ-উপাচার্যের কার্যালয়ে গিয়ে শিক্ষকেরা পৃথকভাবে দুজনের সঙ্গেই দেখা করে তাঁদের পদত্যাগ করার আহ্বান জানান। শিক্ষক ও শিক্ষার্থীরা পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার জন্য উপাচার্য ও সহ-উপাচার্যকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছেন, এর মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত না নিলে কুশপুত্তলিকা দাহসহ কঠোর আন্দোলন শুরু করা হবে। গতকাল শিক্ষার্থীরাও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। এতে শিক্ষকেরা যোগ দেন। বুয়েট শিক্ষক সমিতির আন্দোলনের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন শুরু হয়েছে। সকাল থেকেই বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষকেরা ‘সেভ বুয়েট, রিমোভ ভিসি-প্রোভিসি’ লেখা কালো গেঞ্জি পরে শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টায় শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এরপর শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। আন্দোলনকারী সপ্তম ব্যাচের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের আগ পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনে অংশগ্রহণের বিষয়ে বুয়েট শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান বলেন, শিক্ষকেরা ব্যক্তিগতভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিক্ষক সমিতি এ ক্ষেত্রে কোনো দিকনির্দেশনা দিচ্ছে না। দুপুর ১২টার কিছু পর অর্ধশতাধিক শিক্ষক উপাচার্য এস এম নজরুল ইসলামের কার্যালয়ে যান। শিক্ষকেরা আলোচনার জন্য সহ-উপাচার্য হাবিবুর রহমানকে উপাচার্যের কক্ষে আসতে খবর দিতে বলেন। উপাচার্য অপারগতা প্রকাশ করলে কয়েকজন শিক্ষক সহ-উপাচার্যকে ডাকতে যান। কিন্তু উপাচার্য না ডাকলে হাবিবুর রহমান নিজের কক্ষ ছাড়তে অপারগতা প্রকাশ করেন। এ সময় শিক্ষকেরা সহ-উপাচার্যের কক্ষেই অবস্থান নেন। কয়েকজন শিক্ষক মেঝেতে বসে পড়েন। এদিকে উপাচার্যের কার্যালয়ে থাকা শিক্ষকেরা বুয়েটের ঐতিহ্য রক্ষার স্বার্থে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপাচার্যকে পদত্যাগ করার অনুরোধ জানান। উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে জানানোর আশ্বাস দিলে দুপুর একটায় শিক্ষকেরা তাঁর কার্যালয় থেকে বেরিয়ে আসেন। এরপর সব শিক্ষক একযোগে ঢুকে পড়েন সহ-উপাচার্যের কার্যালয়ে। তাঁকেও পদত্যাগের আহ্বান জানালে তিনি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানোর কথা বলেন। সহ-উপাচার্যের সঙ্গে শিক্ষকদের আলোচনার এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁর কার্যালয়ে এসে উপস্থিত হন। এ সময় শিক্ষকেরা হইচই শুরু করেন। তাঁরা অভিযোগ করেন, সহ-উপাচার্য ছাত্রলীগ কর্মীদের ডেকে পাঠিয়েছেন। শিক্ষকদের তোপের মুখে হাবিবুর রহমান ছাত্রলীগ কর্মীদের তাঁর কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। সহ-উপাচার্যের কার্যালয় থেকে বেরিয়ে ছাত্রলীগ কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। শিক্ষকেরা প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে এলে ছাত্রলীগ কর্মীরা তাঁদের গতিরোধ করেন। এ সময় শিক্ষকদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডার ছবি তুলতে গেলে তাঁরা প্রথম আলোর ফটোসাংবাদিক সাজিদ হোসেনকে বাধা দেন। এ সময় ছবি প্রকাশিত হলে কোনো গণমাধ্যমকেই বুয়েট ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেন ছাত্রলীগ কর্মীরা। শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে আসার সময় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা উপাচার্যকে ঘিরে ধরেন। তাঁরা উপাচার্যকে ওই মুহূর্তে পদত্যাগের অনুরোধ জানান। উপাচার্য কোনো উত্তর না দিলে শিক্ষার্থীরা পিছু পিছু উপাচার্যের বাসভবন পর্যন্ত যান এবং ভবনের ফটকের সামনে অবস্থান নেন। এরপর শিক্ষকেরাও সেখানে গিয়ে অবস্থান নেন। বেলা আড়াইটায় শিক্ষক সারোয়ার জাহান শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে উপাচার্য ও সহ-উপাচার্যের সঙ্গে তাঁদের আলোচনার বিষয়ে অবহিত করেন। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ আবারও আন্দোলন করা হবে—এমন কর্মসূচি ঘোষণা করে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান তুলে নেন। উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে বুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ১১ জুলাই থেকে লাগাতার আন্দোলন করে আসছিলেন। ৩১ জুলাই আদালত আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এরপর শিক্ষক সমিতি তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে। কিন্তু শিক্ষকেরা ব্যক্তিগত পর্যায় থেকে ক্লাসে না যাওয়ায় দীর্ঘ ৪৪ দিন পর গত ২৫ আগস্ট বুয়েট খুললেও ক্লাস বা পরীক্ষা হচ্ছে না। অনিশ্চিত হয়ে পড়েছে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।