ভিন্ন রাজনৈতিক দলের সমর্থক তাই উন্নয়ন নেই!
বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকটে গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকেরা। শুধু তাই নয়, ৩১ বছর আগে নির্মিত আধাপাকা বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। টিনের চাল নষ্ট হয়ে গেছে। বর্ষাকালে বৃষ্টি নামলেই অঝোরে পানি পড়ে। আর তখন ক্লাস বন্ধ করে ছুটি দিতে হয় শিক্ষার্থীদের। প্রয়োজনের তুলনায় বসার বেঞ্চ কম থাকায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের মেঝেয় মাদুর পেতে বসে ক্লাস করছে। বিদ্যালয়টির কেন এই দশা, গত ৩১ জুলাই সরেজমিনে খুঁজতে গিয়ে জানা গেল অন্যরকম কথা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আয়ুব আলী বলেন, ‘এই এলাকার অধিকাংশ মানুষ একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় বিদ্যালয়টির উন্নয়ন হয়নি। তবে তিনি আশাবাদী এবার হয়তো হবে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন বলেন, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সরকারীকরণ হয় ১৯৭৩ সালে। ১৯৭৯ সালে নির্মিত ৬০ ফুট দৈর্ঘ্য ও ২১ ফুট প্রস্থ আড়াই কক্ষের আধাপাকা ভবনটিতে বর্তমানে ২০৫ জন শিক্ষার্থীর পাঠদান দুরূহ হয়ে পড়েছে। অফিস কক্ষেও ক্লাস নিতে হচ্ছে। ভবনের জানালা-দরজা নষ্ট। টিনের চাল ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি নামলে পানি পড়ে। তখন বাধ্য হয়ে ক্লাস বন্ধ করতে হয়। তিনি জানান, শুধু তাই নয়, ৮০ জন শিক্ষার্থীর বসার জন্য ৪০ জোড়া বেঞ্চ আছে। এতেই ২০৫ জন শিক্ষার্থীকে চার-পাঁচজন মিলে গাদাগাদি করে বসে ক্লাস করতে হচ্ছে।সহকারী শিক্ষক চাঁদ উল্লাহ জানান, বিদ্যালয়ে নলকূপ নেই। রেললাইন পার হয়ে ওপারে অনেক দূরের মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের পানি খেতে হয়। সহকারী শিক্ষক শাহজাহান আলী বলেন, শ্রেণীকক্ষ-সংকটের জন্য প্রতিদিন দুই শিফটে প্রায় ১০০ শিক্ষার্থীকে বিদ্যালয়ের পাশে গাছতলায় বসিয়ে পাঠদান করতে হয়। তিনি আরও বলেন, বিদ্যালয়ে আসার সড়কটিও কাঁচা। বৃষ্টি হলে কাদা মাড়িয়ে আসতে হয়। তাই এই বিদ্যালয়ে কোনো শিক্ষক বেশি দিন থাকতে চায় না।পঞ্চম শ্রেণীর ছাত্রী আজমীরা হক বলে, ‘বৃষ্টি আলি আমাগারে খুব কষ্ট হয়। টিনির চাল দিয়ে পানি পড়ে বইখাতা ভিজে যায়। আবার কিলাসও বন্ধ হয়।’ সহকারী শিক্ষা কর্মকর্তা (ক্লাসটিচার) রেহানা পারভীন বলেন, ‘আমি নতুন এসেছি। স্কুলটির বেহাল দশা দেখে খারাপ লাগে। আমি স্যারকে সব জানিয়েছি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ উদ্দিন বলেন, ‘আমিও নতুন এসেছি। এখনো স্কুলটিতে যাওয়া হয়নি। তবে স্কুলটির অবস্থা জেনেছি। উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন। আশা করছি এবার ভবন হয়ে যাবে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন বলেন, ‘আমি সম্প্রতি স্কুলটিতে গিয়েছিলাম। উপজেলা সদরের এত কাছের স্কুলটির করুণ দশা দেখে মনে হলো আমার পদত্যাগ করা উচিত। আমি কথা দিয়েছি। এবার বাজেট এলেই নতুন ভবনসহ সব সমস্যা দূর করা হবে।’