ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানি করবে সরকার
সরকার ভিয়েতনাম থেকে এক লাখ টন আতপ চাল আমদানি করবে। খাদ্য মন্ত্রণালয় কাল বুধবার ভিয়েতনাম সরকারের চাল রপ্তানিকারক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। আজ মঙ্গলবার ভিয়েতনামের চাল রপ্তানিকারক সংস্থার সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা জানান।ভিয়েতনামের চাল রপ্তানিকারক সংস্থার ভাইস ডিরেক্টর জেনারেল চাও থাই ইনজিওসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল খাদ্যমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাত্ করেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী বলেন, এ বছর চালের দাম বেশি হওয়ায় খাদ্য সংকট মোকাবিলা করার জন্য সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে চাল আমদানির জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভিয়েতনাম থেকে আনলে প্রতি টন চালের দাম পড়বে ৩৮০ ডলার।এ ছাড়া খাদ্য মন্ত্রণালয় ভারত থেকেও তিন লাখ টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব দিয়েছে। ভারত সরকার চাল রপ্তানি করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। ভারত থেকে চাল আমদানি করতে প্রতি টন চালের দাম পড়বে ৪৫০ থেকে ৪৮০ ডলার।