ভিয়েতনাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছেছেন। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সফরসঙ্গীসহ তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হ্যানয়ের নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।ছয় দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ভিয়েতনামের পাশাপাশি লাওসে নবম এশিয়া-ইউরোপ মিটিং সামিট অব হেডস অব স্টেট অ্যান্ড গভর্নমেন্ট-এ (এএসইএম৯) যোগ দেবেন। আগামী ৭ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। ইউএনবি ও বাসস। সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, রেলমন্ত্রী মুজিবুল হক ও চিফ হুইপ আবদুস শহীদ। মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, তিন বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র সচিব, কূটনৈতিক কোরের ডিন এবং ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ সময় উপস্থিত ছিলেন। হ্যানয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হো জুয়াং সন ও হ্যানয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সপ্রদীপ চাকমা স্বাগত জানান। এরপর সেখানে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ২ থেকে ৪ নভেম্বর ভিয়েতনাম সফর করবেন। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাং, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনগুয়েন ফু ট্রং এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান এনগুয়েন সিনহ হুংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। তিনি ৪ নভেম্বর লাওসের রাজধানী ভিয়েনতিয়ানের উদ্দেশে হ্যানয় ত্যাগ করবেন।