ভিয়েতনামে ঝড়ের তাণ্ডব, হাজার হাজার লোক নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত
বন্যা ও ভূমিধসের হুমকির মুখে উত্তর ভিয়েতনাম থেকে হাজার হাজার লোককে আজ রোববার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে দেশটির নৌবাহিনী প্যারাসেলস দ্বীপপুঞ্জের কাছে ছয়জন জেলেকে খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে।টাইফুন কনসন, যার আঘাতে ফিলিপাইনে ৩৯ জন ও চীনে দুজন প্রাণ হারিয়েছে, তা শক্তি হারিয়ে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের রূপ নিয়ে গতকাল শনিবার রাতে উত্তর ভিয়েতনামে আঘাত হানে।ভিয়েতনামের সরকার আজ বলেছে, উত্তরাঞ্চলীয় থান হোয়া প্রদেশে সাঁতার কাটার সময় এক ব্যক্তি ডুবে মারা যায় এবং ছয়জন জেলেসহ ১১ ব্যক্তি নিখোঁজ রয়েছেন।একটি স্থানীয় পত্রিকার অনলাইন প্রতিবেদন জানায়, উত্তরাঞ্চলীয় কোয়াং নিন প্রদেশে একটি বার্জ ডুবিতে একটি শিশুও ডুবে মারা যায়। রাষ্ট্রপরিচালিত ভয়েস অব ভিয়েতনাম বেতার জানায়, দক্ষিণ চীন সাগরে প্যারাসেলস দ্বীপপুঞ্জে কাছে এক এলাকায় নিরাপদ আশ্রয় খোঁজার সময় তাঁদের নৌকা ডুবে যাওয়ার পর থেকে ওই ছয়জন জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের খুঁজে বের করতে নৌবাহিনীর তিনটি জাহাজ গতকাল রাতেই ওই এলাকায় গিয়ে তল্লাশি শুরু করে। ভয়েস অব ভিয়েতনাম জানায়, উপকূলীয় প্রদেশগুলো থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সাহায্য করতে দেশটির সেনাবাহিনীও তিন হাজার ৫০০ সেনা পাঠিয়েছে। এ ছাড়া বন্যার ঝুঁকির কারণে চারটি পার্বত্য প্রদেশের বিপজ্জনক এলাকাগুলো থেকে আরও লোকজন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে।ভিয়েতনাম এয়ারলাইনস জানায়, আজ থেকে তারা নিয়মিত কর্মকাণ্ড শুরু করবে এবং গতকাল যে ১০টি ফ্লাইট বাতিল করেছিল তার যাত্রীদের সাহায্য করতে অতিরিক্ত কিছু ফ্লাইটের পরিকল্পনা করেছে।—রয়টার্স