ভিসা প্রক্রিয়া সহজ করতে আগ্রহী ভারত
বাংলাদেশের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করতে আগ্রহী ভারত। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, প্রায় এক মাস আগে পাকিস্তানের সঙ্গে উদার ভিসা প্রক্রিয়াজনিত চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর পরই তারা প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভিসা সহজীকরণের ব্যাপারে আগ্রহী হয়েছে।এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী ও পর্যটকদের আসা-যাওয়া সহজ করা। চলতি মাসের ১৬ ও ১৭ তারিখ দেশ দুটির স্বরাষ্ট্রসচিব পর্যায়ে ঢাকায় বৈঠক হয়। ওই বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন এ বিষয়ে পরবর্তী সময়ে কর্মপদ্ধতি ঠিক করতে উভয় দেশ একটি বিশেষ বৈঠক করতে সম্মত হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ বিষয়ে উভয় দেশের যুগ্ম সচিব পর্যায়ে যৌথ বৈঠক হতে পারে। ওই বৈঠকে ভিসা দেওয়ার পদ্ধতি সহজ করার বিভিন্ন ক্ষেত্র আলোচিত হতে পারে।