ভিসেরা পরীক্ষায় সাগর-রুনির লাশ উত্তোলনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম। ভিসেরা পরীক্ষার জন্য তাঁদের লাশ উত্তোলন করা হবে বলে জানিয়েছে র‌্যাব। আজ মঙ্গলবার সকালে র‌্যাবের এএসপি জাফরউল্লাহ মামলার তদন্তের স্বার্থে পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন উল্লেখ করে সাগর-রুনির লাশ কবর থেকে উত্তোলনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা লাশ উত্তোলনের অনুমতি দেন।একই সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ লাশ উত্তোলন কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সূত্র জানায়, মামলার নথি ও আদেশ জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মনোজ কুমার রায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুজ্জামানকে লাশ উত্তোলনের সময় উপস্থিত থাকা এবং তদন্তকাজে সহায়তার নির্দেশ দেন।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেছেন, ‘সাগর-রুনিকে হত্যার আগে কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার জন্য রাসায়নিক পরীক্ষা (ভিসেরা) প্রয়োজন। আগের ময়নাতদন্তের সময় ভিসেরা পরীক্ষা করা হয়নি। এ কারণে সাগর-রুনির পরিবারের সম্মতি নিয়ে ভিসেরা পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট সময় দিলে লাশ উত্তোলন করা হবে।’ এ হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে ডিবি পুলিশ আদালতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করায় ১৮ এপ্রিল মামলাটি র‌্যাবের কাছে স্থানান্তর করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার নিচে নয় এবং ৪৫ বছর বয়সের নিচে নয়, এমন কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্ত করতে বলা হয়েছে।গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজা বাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ।