ভিড় এখন আতর-টুপির দোকানে
দিন গোনার পালা শেষ। আজ মঙ্গলবার চাঁদ উঠলে কাল ঈদ। পোশাক-আশাক কেনার পালাও অনেকেরই সম্পন্ন। যাঁরা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি যাবেন, তাঁদের বেশির ভাগও ঢাকা ছেড়েছেন। ফলে বিপণিবিতানগুলোর সামনে আর রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল ছাড়া ঢাকার অনেক রাজপথ ফাঁকা।ঢাকায় যাঁরা ঈদ করবেন, তাঁরা ঈদের আগের শেষ সময়টি অতিবাহিত করছেন টুকিটাকি কেনাকাটায়। এখন ক্রেতার ভিড় টুপি, আতর, সুরমার দোকানে। শেষ সময়ে এসব দোকানেই থাকবে বেচাকেনার চাপ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণে ও পশ্চিমের বিপণিবিতানে আতর, টুপি, সুরমা, তসবির বিশাল খুচরা বাজার। আতর-তসবি বিক্রেতা মো. জাকির হোসেন গতকাল সোমবার বললেন, ‘রমজান মাসে আমাদের বিক্রি ইনশাআল্লাহ খুব ভালো।’ঈদের নামাজ আদায় করতে যাওয়ার সময় মুসল্লিরা আতর, সুরমা ব্যবহার করেন। মাথায় টুপি তো থাকবেই। বাড়িতে পুরোনো টুপি থাকলেও অনেকে ঈদে নতুন টুপি কেনেন। অনেকে জায়নামাজ, তসবিও কেনেন। ফলে এসব বিক্রিও হয় প্রচুর। ভালো মানের আতরের মধ্যে আছে মেশক কাবা, জান্নাতুল ফেরদৌস, কস্তুরি। আট মিলিলিটারের এক বোতল এমন আতরের দাম এক হাজার ২০০ টাকা। এ ছাড়া দরবার, মেশক অম্বর, সুলতান, খস, মুশক, মাজমুয়া—এসব আতরের দাম তিন মিলিলিটারের বোতল ৪০০ টাকা। জাকির হোসেন জানান, এই আতরগুলোই বেশি চলে। এর চেয়ে কম দামের আতরও আছে। এগুলো হলো: তিব্বত, বেলি, রজনীগন্ধা, সুলতান ইত্যাদি। ছোট এক শিশি এমন আতরের দাম ৫০ থেকে ৬০ টাকা। সুরমা মিলবে সর্বনিম্ন ২০ টাকায়।রমজান মাসজুড়ে প্রচুর তসবি বিক্রি হয়েছে। আকিক ও সোলেমানি পাথরের তসবির দাম ৫০০ থেকে এক হাজার টাকা। ক্রিস্টালের তসবি ৫০ থেকে ৩০০ টাকা, কাঠ ও অন্যান্য সর্বনিম্ন ২০ টাকা।কিস্তি টুপি, গোল টুপি, বেকি টুপি, পাঁচকল্লি, ঝুঁটি—এমন হরেক রকম টুপির সম্ভার আছে এই এলাকার দোকানগুলোতে। সুতি কাপড়, মখমল, উল, সুতা, নেট দিয়ে তৈরি করা হয়েছে এসব টুপি। ফরহাদ উল্লাহ নামের এক বিক্রেতা জানালেন, সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা দামের টুপি আছে তাঁদের কাছে। দেশেই তৈরি হয় হরেক রকমের এসব বাহারি টুপি। এসব টুপি বিদেশেও রপ্তানি হয়। তবে পাথর বসানো অল্প কিছু টুপি আসে পাকিস্তান এবং নকশা করা কিছু টুপি আসে ওমান থেকে। ওমানের টুপিগুলো দেশীয় গোল টুপির মতোই, তবে একটু উঁচু। অবশ্য এখন এ ধরনের ওমানি টুপি দেশেও তৈরি হচ্ছে। ঈদের সময় শিশুদের জন্য জরির চুমকি, রঙিন সুতার কাজ করা টুপির চাহিদা থাকে বেশি। এসব টুপির দাম ৫০ থেকে ৬০ টাকা।জায়নামাজের বিক্রিও মন্দ নয়। বিক্রেতা হাফেজ আহমেদ জানালেন, পাকিস্তান ও তুরস্কের মখমলের জায়নামাজ পাওয়া যায় ৩৫০ থেকে ৮৫০ টাকায়। চীনা ভেলভেটের জায়নামাজের দাম ১৫০ থেকে ২০০ টাকা। দেশি কাপড়ের জায়নামাজের দাম সর্বনিম্ন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।অপেক্ষা এখন চাঁদ ওঠার। আকাশের কোণে সেই এক ফালি বাঁকা চাঁদ অগণিত মানুষের প্রাণে বয়ে আনবে অপার আনন্দ।