ভিড়ে অপ্রস্তুত চিড়িয়াখানা কর্তৃপক্ষ!
নগরের বিনোদনকেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে শাহবাগের শহীদ জিয়া শিশুপার্ক, মিরপুরের ঢাকা চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন)। ঈদের দিন থেকেই এসব স্থানে ছেলে-বুড়োর ঢল নেমেছে। এ সপ্তাহেও এসব জায়গায় ভিড় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই ভিড় সামলাতে তাঁদের প্রস্তুতির ঘাটতি রয়েছে। তাই বিনোদনপিয়াসী মানুষ বিনোদনের তিনটি স্থানে গিয়েই ভোগান্তির মধ্যে পড়ছেন। এসব ভোগান্তির চিত্র উঠে এসেছে তিনটি প্রতিবেদনে।ডেমরার তাঁতবস্ত্র ব্যবসায়ী আবু তাহেরের সঙ্গে দেখা হয় গুলিস্তান বাসস্ট্যান্ডে। তাঁর সঙ্গে চার বন্ধু। সবাই মিলে যাবেন ঢাকা চিড়িয়াখানায়। তাঁরা বাসের জন্য ছোটাছুটি করছিলেন। একের পর এক বাস আসছে। আবু তাহেররা উঠে বসছেন, আবার ভাড়া শুনে নেমে পড়ছেন। ঈদের মৌসুম বলে চিড়িয়াখানাগামী সব বাসে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ ভাড়া।ঈদের ছুটির কয়েকটা দিন নগরের রাস্তাঘাট ফাঁকা। বাসগুলো ঠিকমতো যাত্রী পায় না। অথচ চিড়িয়াখানাগামী বাসগুলোয় এর উল্টো চিত্র। ওই রুটের বাসে যাত্রীর ভিড়। এই সুযোগে বাড়তি ভাড়াও আদায় করছেন বাসের কর্মীরা। এই চিত্র দেখা গেল গুলিস্তান-চিড়িয়াখানা রুটের একাধিক বাসে গিয়ে।নগরের জনস্রোত এখন যেন চিড়িয়াখানামুখী। এমনটাই চোখে পড়ল ঢাকা চিড়িয়াখানায় গিয়ে। চিড়িয়াখানার কাছে ওই রোডের পুরোটায়ই যান আর জনতার জটলা। ভিড়ের চাপে বাসগুলো চিড়িয়াখানার ফটকের কাছে যেতে পারছে না। যানজটে বিরক্ত হয়ে অনেকে আগেভাগেই যানবাহন থেকে নেমে হেঁটে চলে যাচ্ছেন ঢাকা চিড়িয়াখানার দিকে।চিড়িয়াখানায় ঢোকার জন্য আবার লম্বা সারি ধরতে হচ্ছে। প্রথমে টিকিট কেনার সারি।এই সারি এড়াতে অনেকেই কালোবাজারিদের কাছ থেকে ১০ টাকার টিকিট ২০ টাকা দিয়ে কিনেছেন। কালোবাজারিদের সঙ্গে টিকিট কাউন্টারের কর্মীদের যোগসাজশ রয়েছে কি না, সেই প্রশ্ন অনেকের। শ্যামলী থেকে আসা তানিয়া আকতার জানান, চারটি টিকিট কিনতে ১০০ টাকার একটি নোট দিয়েছিলেন। কিন্তু কাউন্টার থেকে পুরো টাকার টিকিট গছিয়ে দেওয়া হয়। আর বলা হয়, অতিরিক্ত ছয়টি টিকিট সারিতে থাকা অন্য কারও কাছে বিক্রি করার জন্য। এভাবেই টিকিট বিক্রি করতে বাধ্য হয়েছেন তানিয়া।টিকিটের ঝঞ্ঝাটের পর দর্শনার্থীদের চিড়িয়াখানায় ঢোকার ফটকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ভেতরেও খুব একটা স্বস্তি পাচ্ছিলেন না অনেকে। ১ সেপ্টেম্বর দুপুরে মিরপুর ১০ নম্বর সেকশনের আবিদ আলী জানান, চিড়িয়াখানায় ঢুকতেই ঝুম বৃষ্টি। ছাউনি কম থাকায় তাঁকে গাছের নিচে দাঁড়াতে হয়েছে।শরৎকাল বলে এখন এই দেখা যাচ্ছে ঝুম বৃষ্টি, আবার খানিক পরেই প্রখর রোদ। তাই চিড়িয়াখানায় এসে রোদেও পুড়তে হচ্ছে দর্শনার্থীদের। পর্যাপ্ত ছাউনি থাকলে রোদ-বৃষ্টিতে কোনো সমস্যা হত না বলে জানান একাধিক দর্শনার্থী।বৃষ্টির পর ঘুরে দেখা গেছে, চিড়িয়াখানার মাটির রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়েছে। কাদার জন্য গাছের ছায়ায় বসে গল্পগুজবের ইচ্ছাও জলাঞ্জলি দিতে হয়েছে অনেককে। বৃষ্টিতে গাছের পাতায় জমে থাকা ফোঁটা ফোঁটা পানি পড়ায় সেখানে ভালোভাবে বসতে পারেননি দর্শনার্থীরা।চিড়িয়াখানার ভেতরে থাকা শিশুপার্কটির অর্ধেকের বেশি রাইড ছিল অকেজো। ছয়টি দোলনার মধ্যে চারটি দোলনায় দোল খাওয়ার কোনো ব্যবস্থাই নেই। তাই বাকি দুটিতে ভিড় ছিল বেশি।চিড়িয়াখানায় হাতির পিঠে চড়তে ভিড় করছেন অনেক দর্শনার্থী। বৃষ্টির সময় তো বটেই, তার পরও বেশ খানিকটা সময় হাতির পিঠে চড়ার ব্যবস্থা বন্ধ থাকছে। এ বিষয়ে চিড়িয়াখানার কর্মী সিদ্দিকুর রহমান জানান, কাদা মাটিতে হাতির হাঁটা-চলায় বিপদ হতে পারে।এদিকে এখানকার গণশৌচাগারে পুরুষ-মহিলাদের জন্য ছিল না কোনো আলাদা ব্যবস্থা। আর সুপেয় পানির ট্যাংক খালি থাকায় দর্শনার্থীদের পানি নিয়েও সমস্যায় পড়তে হয়। আগারগাঁওয়ের বাসিন্দা আলী আদনান জানান, পানির ট্যাংক প্রায় সব কটি খালি। এখানকার অফিসে জানানো হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। আবার হকার আর অস্থায়ী দোকানগুলোর বেচা-বিক্রি ছিল জমজমাট। এসব দোকানে বোতলজাত পানীয় বেচাকেনা হয় চড়া দামে। চিড়িয়াখানার ভেতরে এভাবে হকার বসছে কীভাবে, সে প্রশ্ন অনেক দর্শনার্থীর।চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভোগান্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, এর পাবলিসিটি অফিসার মনছুরা হাসিন জানান, প্রতিবছর ঈদের মৌসুমে তিন-চার দিন এখানে ভিড় বেশি থাকে। কর্তৃপক্ষ আগেভাগেই প্রস্তুত থাকে। কিন্তু এক দিনে দেড় থেকে দুই লাখ মানুষ সামলানো অনেক কঠিন। তাই হয়তো দর্শনার্থীদের কিছু অসুবিধা হয়ে থাকতে পারে। দর্শনার্থীদের জন্য ছাউনি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।