ভীত হয়ে সরকার তারেক-কোকোকে ফাঁসাতে চাচ্ছে: দেলোয়ার
এক-এগারোর ‘অবৈধ সরকার’ মিথ্যা মামলা দিয়ে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করেছিল। তাঁদের হত্যা করতে কারাগারে নির্মম নির্যাতন চালানো হয়েছিল। এখন সেই সব মামলায় তারেক-কোকোকে ফাঁসাতে চাচ্ছে বর্তমান সরকার।আজ বৃহস্পতিবার এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন।খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে ছাত্রদল।খোন্দকার দেলোয়ার বলেন, সরকারের মন্ত্রী, সাংসদেরা তারেক ও কোকোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এই সরকার বিএনপি ও জিয়া পরিবারের সদস্যদের ভয় পায়। কেননা, জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে আর্দশের রাজনীতি দিয়ে গেছেন, জনগণ তা গ্রহণ করেছে। অন্যদিকে আওয়ামী লীগের সীমাহীন সন্ত্রাসের কারণে তাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান বিএনপির ভিত শক্তিশালী করতে চেয়েছিলেন বলে তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল দেশি-বিদেশি চক্রান্তকারীরা।ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ও ইলিয়াস আলী প্রমুখ বক্তব্য দেন।তারেকের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে ছাত্রদল কাল শুক্রবার সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ এবং কেন্দ্রীয় কমিটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত কর্মসূচি দিয়েছে।বিএনপির সংবাদ সম্মেলন: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর সঙ্গে সরকারি দলের নেতারাও যুক্ত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বরাত দিয়ে যে বক্তব্য সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে, তা আইনবহির্ভূত। বিএনপির এ নেতা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তারা এমন বক্তব্য অব্যাহত রাখলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।