ভীতিকর যন্ত্রে ইরান কাটছে অপরাধীর আঙুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে শরিয়া আইনের ভয়ংকর দিক উঠে এসেছে রাষ্ট্রীয় টিভির এক ভিডিওতে। ভিডিওটিতে দেখানো হয়, এক ভীতিকর যন্ত্রে নৃশংসভাবে এক অপরাধীর হাতের আঙুল কেটে ফেলা হচ্ছে। ‘ফ্রান্স টুয়েন্টি ফোর’ এবং ‘ডেইলি মেইল’-এ আজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ওই ভিডিওর বর্ণনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কালো কাপড়ে মুখ ঢাকা তিন ব্যক্তি এক ধরনের যান্ত্রিক করাত দিয়ে চুরি ও ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত অপর এক ব্যক্তির হাত কাটছেন। ইরানের দক্ষিণ-পশ্চিমের শহর শিরাজের এক আদালতের নির্দেশে জনসম্মুখে দোষীর এ শাস্তি কার্যকর করা হয়। যে যন্ত্রটি দিয়ে চোখ বাঁধা লোকটির আঙুল কাটা হয়, সেটি সম্ভবত কোনো ছুতারের কারখানা থেকে নেওয়া হয়েছিল। মুখঢাকা তিনজনের একজন যন্ত্রটির হাতল ঘুরিয়ে করাতটি চালাচ্ছিলেন। দোষীর হাত কেটে ফেলার পর রক্তাক্ত অবস্থায় সেটি তুলে বাকি লোকদের দেখানো হয়। এরপর সেটি আয়োডিনে চুবিয়ে দেওয়া হয়।আশ্চর্যের বিষয় হলো, যে লোকটির আঙুল কেটে ফেলা হলো, তাঁর চোখ-মুখে কোনো অভিব্যক্তি দেখা যায়নি। সম্ভবত তাঁকে কোনো মাদক দেওয়া হয়েছিল বা ওষুধের সাহায্য হাতটিকে অবশ করে দেওয়া হয়েছিল।হাত কাটার পর সরকারি কৌঁসুলি ঘোষণা করেন, এর পর থেকে অপরাধীদের আরও কঠিন শাস্তি দেওয়া হবে।শরিয়া আইন অনুযায়ী অপরাধীদের অঙ্গচ্ছেদ, চাবুক দিয়ে পেটানো বা পাথর ছুড়ে হত্যা করা সিদ্ধ।ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব ছবি ও ভিডিও প্রচারের উদ্দেশ্য নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এবারের নির্বাচনের গুরুত্বপূর্ণ দিক হলো, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের একজন উত্তরসূরি বেছে নেওয়া। ইরানে দুবারের বেশি প্রেসিডেন্ট থাকা যায় না। বিশেষজ্ঞদের ধারণা, ছবিগুলো প্রচার করে সরকার জনগণকে এ বার্তা পৌঁছে দিতে চায় যে, কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার ফল ভালো হবে না। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের মুখপাত্র মাহমুদ আমিরি মোগাদ্দাম ফ্রান্স টুয়েন্টিফোরকে বলেন, এটি কেবল একজনের অঙ্গচ্ছেদ নয়, সরকার এগুলো বিলি করেছে এবং তারা যে যন্ত্রটি দেখিয়েছে, তা এর আগে দেখা যায়নি।মাহমুদ বলেন, ‘আমরা লক্ষ করছি, সরকার ইদানীং দৈহিক শাস্তির খবর ফলাও করে প্রচার করছে। প্রতি নির্বাচনের আগে এ ধরনের ঘটনার সংখ্যা বেড়ে যায়। আর প্রেসিডেন্ট নির্বাচনও এগিয়ে আসছে। আমার মনে হয়, এগুলো দেখিয়ে কর্তৃপক্ষ সরকারবিরোধীদের ভয় দেখাতে চাইছে।’২০০৯ সালের নির্বাচনের পর মাহমুদ আহমাদিনেজাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। এবারও তেমনটি হবে বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিকদের স্বার্থে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান হলো কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস। এর কর্মসূচি সমন্বয়ক শেরিফ মানসুর বলেন, প্রতিবারের মতো এবারও সরকার বিরোধীদের ওপর ‘দেশবিরোধী’ লেবেল এঁটে দিতে চাইছে। এ মাসের শুরুতে তেহরানে দুই ব্যক্তিকে ডাকাতির অভিযোগে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হয়। অভিযোগ ছিল, আলী রেজা মাফিহা ও মোহাম্মদ আলী সর্বরিসহ মোট চারজন মোটরসাইকেল নিয়ে এক সড়কে ডাকাতি করতেন। তাঁদের একটি ডাকাতির ঘটনা ইউটিউবে পোস্ট করা হয়। এরপর তা দেখে পুলিশ তাঁদের শনাক্ত করে।