ভুটানের প্রধানমন্ত্রী কাল আসছেন
ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে কাল সোমবার ঢাকায় আসছেন। তাঁর এ সফরের সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ওই বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ-ব্যবস্থা প্রতিষ্ঠা, জ্বালানি খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।ভুটানের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, কাল দুপুর সাড়ে ১২টায় ঢাকা এসে পৌঁছাবেন। এ সময় হজরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় তিনি হোটেল সোনারগাঁওয়ে যাবেন। সফরের সময় তিনি রাজধানীর এ পাঁচতারকা হোটেলটিতে অবস্থান করবেন।প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী বিকেলে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর হোটেলে ফিরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।পরের দিন মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠকের পর ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। বিকেলে জিগমে ওয়াই থিনলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন।ভুটানের প্রধানমন্ত্রী আগামী বুধবার সুন্দরবন এবং বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার সমুদ্রসৈকত দেখতে যাবেন। আগামী শুক্রবার জিগমে ওয়াই থিনলের থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।