ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদারে সরকার আগ্রহী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ভুটানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে আগ্রহী। গতকাল সোমবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে ভুটানের সফররত প্রধানমন্ত্রী লিওনচেন জিগমে ওয়াই থিনলের সম্মানে আয়োজিত এক ভোজসভায় বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।বাণিজ্য, পর্যটন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি ও পানিসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাবনাময় সব ক্ষেত্র থেকে সর্বোচ্চ সুবিধা অর্জনের জন্য উভয় দেশকে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে হবে। ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে পারস্পরিক স্বার্থে ও দুই দেশের জনগণের কল্যাণে দুই প্রতিবেশীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভুটানের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার প্রস্তাবের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ঢাকা ও থিম্পুর মধ্যে সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে এবং পারস্পরিক স্বার্থে এসব সুযোগ কাজে লাগাতে হবে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন সুযোগের প্রতি আলোকপাত এবং বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে অধিক সংখ্যায় ভুটানি ছাত্র ভর্তির প্রস্তাব দেন। এর আগে দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী থিনলে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানান। থিনলে তাঁর দেশের স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও পররাষ্ট্রসচিবসহ ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শেখ হাসিনার দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেওয়ার আগে গতকাল বিকেলে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস’ শীর্ষক সেমিনারে ভাষণ দেবেন এবং ভুটানের রাষ্ট্রদূতের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন। ভুটানের প্রধানমন্ত্রী সুন্দরবন, চট্টগ্রাম ও কক্সবাজারও সফর করবেন। তিনি ১৪ জানুয়ারি সকালে ঢাকা ত্যাগ করবেন।