ভুট্টা চাষে বদলে গেছে জীবন
বছর তিনেক আগেও জাহানারা বেগম ছিলেন একজন দিনমজুর। দিনভর ধান কিংবা ভুট্টার খেতে কাজ করতেন, দিনশেষে মজুরি ৭০ টাকা। তবে রোজ রোজ যে কাজ জুটত, তাও নয়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি চরের এই নারীর জীবনটা হঠাৎ করেই বদলে যেতে শুরু হলো ২০১০-এর শেষ দিকে কন্টাক্ট ফার্মিং বা চুক্তিভিত্তিক চাষাবাদের সঙ্গে যুক্ত হওয়ার পর। আওলাকান্দির চরে কৃষি উপকরণ সরবরাহ করেন রুবেল হোসেন। তিনি জাহানারা বেগমের মতো নারীদের শেখালেন, কীভাবে অন্যের জমি কয়েক মাসের জন্য লিজ নিয়ে চুক্তিভিত্তিক চাষাবাদ করতে হয়। চুক্তিটা এ রকম: মূলধন যা লাগে রুবেলই দেবেন। সঙ্গে বিনা মূল্যে সব রকম তথ্য ও পরামর্শ আর মানসম্পন্ন উপকরণ যা যা লাগে। এরপর ফলন যা-ই হোক, একটা নির্দিষ্ট দামে পুরোটা কিনেও নেবেন তিনি। অর্থাৎ ফসল তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা কিংবা দাম উঠল কি উঠল না—এগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।চরের বেশির ভাগ মানুষই গরিব। চাষবাস শুরুর জন্য সামান্য যে অর্থ দরকার, সেটাও জোগাড় করা মুুশকিল। জাহানারা বেগমের আধা একর বা ৫০ শতকের মতো জমি ছিল। এর সঙ্গে আরও কিছু জমি নিলেন। রুবেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুরু হলো ভুট্টার চাষ। সেবার ফলন হলো চমৎকার। সে সময় জাহানারার মতো আরও ৩০ নারী এই চুক্তিভিত্তিক ভুট্টা চাষাবাদ-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন। গত অর্থবছরেই ২ দশমিক ৩ একর জমিতে ভুট্টা ফলিয়ে জাহানারা একরপ্রতি আয় করেছেন ৩৬ হাজার টাকা। এ থেকে বিনিয়োগ বাবদ রুবেলকে ফেরত দিতে হয়েছে একরপ্রতি সাড়ে ১৩ হাজার টাকা। এর পরও প্রতি একরে সাড়ে ২২ হাজার টাকা করে লাভ ছিল জাহানারার।সব মিলিয়ে জাহানারা এখন খুশি। ছেলেমেয়েদের পড়ার খরচ নিয়ে চিন্তা নেই। ঘর পাকা করেছেন। পরিবারের সাত সদস্যের তিন বেলা খাওয়া নিয়েও সমস্যা নেই। আশপাশের নারীরাও জাহানারাকে দেখে উৎসাহিত বোধ করছেন, সকাল-বিকেল ভিড় করছেন বুদ্ধি-পরামর্শের জন্য। জাহানারার অত দিকে মন দেওয়ার সময় নেই। তাঁর চিন্তা, এই মৌসুমে আরও বেশি জমি লিজ নিয়ে ফলন বাড়াতে হবে, তাহলে উপার্জনও বাড়বে।এই সাফল্য নিয়ে রুবেলের বক্তব্য অনেকটাই পরিষ্কার, চুক্তির বিষয়ে পুরুষ কৃষকদের চেয়ে নারীরা অনেক বেশি সিরিয়াস। তারা চুক্তি ভাঙে না। ফসলের যত্ন নেয়। সামনের বার আরও বেশি নারীকে চাষবাস বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছেন তিনি। তাঁকে এ কাজে সহায়তা দিচ্ছে ‘সুইস কন্ট্যাক্ট’-এর বাজার উন্নয়ন প্রকল্প ‘ক্যাটালিস্ট’। বাইরের কয়েকটি দেশের উদাহরণ বিশ্লেষণ করে, চুক্তিভিত্তিক চাষাবাদের ধারণাটা তারাই এ দেশে এনেছে। মাঠে ফসল ফলানো থেকে শুরু করে পাইকারি পর্যায়ের ডিলার হয়ে খুচরা বাজারে বিক্রি পর্যন্ত তারা একটা সুষম কাঠামো গড়তে চায়। এরই মধ্যে দুটো ব্যাংক এসব নারী উদ্যোক্তাকে ঋণ দেওয়ার জন্য খুঁজছে। জাহানারার মতো নারীরা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিয়ে ভুট্টা ফলাতে পারবে। মৌসুম শেষে ফসল বিক্রি করে একবারে ছয় মাস পর ফেরত দিলেই চলবে।ফলে সব মিলিয়ে ভাগ্যবদলের স্বপ্ন দেখতে শুরু করেছেন বগুড়ার প্রত্যন্ত চরের উদ্যমী নারীরা।