ভুতুড়ে এক পাতালপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস থেকে নেমেই সড়ক পারাপারের জন্য পাতালপথের দিকে গেলেন মনিকা বেগম ও তাঁর ছোট দুই মেয়ে। কিন্তু পরক্ষণেই তিনি আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। দুই মেয়ে নাক চেপে ধরেছে আর মনিকা বেগম ওপরে উঠেই বমি করতে লাগলেন। মনিকা বেগমের মতো অনেক পথচারী প্রতিদিন এমন দুর্ভোগে পড়ছে গাবতলী পাতালপথে ঢুকে। ময়লা, দুর্গন্ধ আর পানির কারণে এটা দিয়ে হাঁটার উপায় নেই। পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছে। নগরের অন্যতম একটি ব্যস্ত জায়গা গাবতলী। উত্তর ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার মানুষকে এখানে আসতে হয়। কিন্তু ফুটওভারব্রিজ না থাকলেও আছে পাতালপথ। নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধের কারণে এর ভেতরে ঢোকা দায়। পাশের ফুটপাত দিয়ে হেঁটে গেলেও দুর্গন্ধে নাক চেপে ধরতে হয়।২০০৬ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এই পাতালপথটি এখন ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। দিনের বেলায় ভেতরে ঢুকলে ভয়ে গা ছমছম করে। সেখানে গিয়ে দেখা গেছে, পাতালপথের ওপরে-ভেতরে-দেয়ালে সব জায়গায় রাজনৈতিক ও বিজ্ঞাপনী পোস্টারের ছড়াছড়ি। ময়লায় সিঁড়ি ও মেঝেতে পা ফেলা দায়। এর দেয়ালে বসানো হয়েছিল দর্শনীয় স্থাপনার আলোকচিত্র। কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন উল্লেখযোগ্য জায়গার মনোরম কাচঘেরা কয়েকটি আলোকচিত্র দেখা গেল। কিন্তু এগুলোর কোনোটিই এখন আর আগের অবস্থায় নেই। এগুলোর ওপর পোস্টার সাঁটানো হয়েছে। কোনোটি ভেঙে পড়েছে, আবার কোনোটায় চিত্রের কোনো ছাপই নেই। কোনোটা খুলে নিয়ে গেছে কেউ। সিঁড়ি ও মেঝের ঝকঝকে টাইলস ভেঙে গেছে। দু-একটি বাতি ছাড়া সব চুরি হয়ে গেছে। বৃষ্টির পানি জমে আছে পাতালপথের মেঝেতে। লোকজন সড়ক পারাপারের জন্য পাতালপথে নেমে আবার দৌড়ে উঠে যাচ্ছে। ‘এখানে কেউ ঢুকলে অসুস্থ হয়ে পড়বে। এটা কি পাতালপথ, নাকি টয়লেট?’ বলছিলেন সুফিয়া জামান নামের এক পথচারী। এই পাতালপথ পরিষ্কার করা হয় না। দেখভালের জন্যও কোনো প্রহরী নেই। লোকজন ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গেই বের হয়ে দৌড়ে সড়ক পার হয়। ভেতরে পানি জমে থাকায় প্রাকৃতিক কর্ম সারার নিয়মিত জায়গা হয়ে দাঁড়িয়েছে কারও কারও জন্য। এমনটিই জানালেন পাতালপথ-সংলগ্ন আহসানউল্লাহ ভবনের ব্যবসায়ী নীরব হোসেন। আবার মিরপুর আন্তজেলা বাস টার্মিনাল প্রান্তের প্রবেশপথে বসেছে হকার। আশপাশের দোকানিরা জানান, রাতের বেলায় এটাকে অনেকে ঘর মনে করে থাকে। নেশাখোরেরা নেশা করে নিরাপদে। একজন দোকানি বললেন, ‘এটা কি গাঞ্জাখোরদের জন্য বানানো হইছে? রাস্তা পার হইতে চাইলে আমাদের দৌড়ায়ে পার হইতে হয়।’এদিকে সড়কে বিভাজক (ডিভাইডার) থাকায় পথচারীদের সড়কের মাঝে গিয়ে দাঁড়াতে হচ্ছে তা ঘেঁষে। এই বিভাজকে কোনো ফোকর নেই। অপর পাশে চলন্ত গাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে বিভাজকে উঠে দৌড় দিচ্ছে পথচারীরা। এতে নারী-শিশু-বৃদ্ধ আর প্রতিবন্ধীরা বিপদে পড়ছে। তারা না পারছে দৌড়াতে, না পারছে বিভাজকের ওপর উঠতে।গাবতলী পাতালপথটি চলাচলের উপযোগী করা হবে কি না, জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘আন্ডারপাসটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আন্ডারপাসের সিঁড়ি ও মেঝের টাইলস বসানো এবং পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। শিগগির এটি সাধারণের চলাচলের উপযোগী হবে।’ এতে নিরাপত্তাপ্রহরী রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।