ভুতুড়ে গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবি স্টাইলস ডান প্রান্তে অ্যালান বলের উদ্দেশে লম্বা একটা পাস বাড়ান। বল তা ধরে কার্ল হেইঞ্জ শনেলিংগারকে পেছনে ফেলে প্রথম সুযোগেই জিওফ হার্স্টের উদ্দেশে ক্রস করেন। সেটি নিয়ন্ত্রণে নিয়ে হার্স্ট জোরালো এক শট নেন। বল গোলবারের নিচের দিকে লেগে গোললাইনে পড়ে বাউন্স খাওয়ার পর উলফগ্যাং ওয়েবার সেটিতে হেড করে বাইরে পাঠিয়ে দেন। বলটা কি আদৌ লাইন পেরিয়ে গিয়েছিল? নাকি ক্রসবারে লেগে নিচে পড়ার সময় গোল-সীমানার বাইরেই ছিল? নিশ্চিত হতে না পেরে লাইন্সম্যান টফিক বাখরামভের সঙ্গে আলোচনা করলেন রেফারি গটফ্রায়েড, এরপর মাঝখানের বৃত্তটার দিকে ইঙ্গিত করে বাঁশিতে ফুঁ, গোল! সেই সঙ্গে নিজের অজান্তেই ফুঁ দিলেন একটা বিতর্কের আগুনে, যা জ্বলছে আজও!ঘটনা ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালের। মুখোমুখি জার্মানি ও স্বাগতিক ইংল্যান্ড। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ের ১১ মিনিটে হার্স্টের ওই বিতর্কিত গোল। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে আরেকটি গোল করে বিশ্বকাপ ফাইনাল ইতিহাসের একমাত্র হ্যাটট্রিকটি করেছেন হার্স্ট, ইংল্যান্ড জিতেছে ৪-২ গোলে। কিন্তু সব ছাপিয়ে এখনো আলোচনায় ওই গোলটিই।বিতর্কটা আরও উসকে দিয়েছে প্রযুক্তি। ছবিতে প্রমাণ মিলল, বল গোললাইনের পেছনের অংশে পড়েছে। এর কিছুদিন পর ইসরায়েলি মিসাইল প্রযুক্তি সন্দেহাতীতভাবে প্রমাণ করল, বলের পুরোটা কোনোভাবেই পুরো গোললাইন পেরোতে পারেনি। তাহলে হার্স্ট কেন ফিরতি বল ধরার চেষ্টা না করে ‘গোল’ উদ্যাপনে মেতে উঠলেন? ‘আমি বলের কাছে যেতে পারতাম না’—স্বীকার করেছেন হার্স্ট। তবে জার্মানিকে দুর্ভাগা ভাবার আগে একটা তথ্য জেনে নিন, শেষ মিনিটে ওয়েবারের সমতাসূচক গোলটির আগে শনেলিংগারের হ্যান্ডবল হয়েছিল।গ্রন্থনা: আরিফুল ইসলাম