ভুতুড়ে বিদ্যুৎ বিলের হয়রানি
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকের রফিক হাউজিংয়ে (প্লট-৩৮, রোড-৯, ব্লক-খ) ভাড়া বাসায় থাকেন জাতীয় পর্যায়ের একজন ক্রিকেটার। সাধারণত মাসে তাঁর বিদ্যুৎ বিল এক হাজার টাকার কাছাকাছিই থাকে। কিন্তু মাস তিনেক ধরে বিল ক্রমাগত বাড়ছিল।ওই ক্রিকেটার এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কার্যালয়ে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছিলেন না। এর মধ্যে ৫ আগস্ট তাঁকে আড়াই হাজার টাকার বিল দেওয়া হয়। বিল অনুযায়ী মিটার রিডার গত ৩১ জুলাই পর্যন্ত তাঁর মিটারে আট হাজার ৯১৫ ইউনিট থেকে নয় হাজার ৩৮১ ইউনিট পর্যন্ত ৪৬৬ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট ওই মিটারটি পরীক্ষা করে দেখা যায়, মিটারে সেদিন পর্যন্ত উঠেছে নয় হাজার ২৫৫ দশমিক ৯ ইউনিট। অর্থাৎ মিটার রিডার যেদিন বিদ্যুৎ ব্যবহারের হিসাব নিয়ে বিল করেছেন, তার ১৭ দিন পরও মিটারে উঠেছে উল্লিখিত ইউনিটের চেয়ে প্রায় ১২৫ ইউনিট কম। হাতেনাতে এই প্রমাণের পরও ওই ক্রিকেটার তিন দিন বিদ্যুৎ কার্যালয়ে ঘুরে বিল সংশোধন করতে পেরেছেন। শেষ পর্যন্ত তাঁর বিল হয়েছে এক হাজার ২০০ টাকা।এত হেনস্তা সত্ত্বেও অন্য অনেক গ্রাহকের কাছে ওই ক্রিকেটার ভাগ্যবান। কারণ, তিনি প্রতিকার পেয়েছেন। অসংখ্য গ্রাহক এমন ভুতুড়ে বিল পেয়েও বিদ্যুৎ কার্যালয়ে ধরনা দেওয়ার এত সময় দিতে পারেন না; অনেকে হাতেনাতে ভুলের প্রমাণও দিতে পারেন না। ফলে প্রতিকারও পান না। বিদ্যুৎ বিলের নামে তাঁরা শিকার হচ্ছেন প্রতারণার, মিটার রিডারের খামখেয়ালির।কল্যাণপুরের এক বাসিন্দা দেখালেন তাঁর বাড়ির কমন মিটারের বিল। এই মিটারে সাধারণত পানির পাম্প, লিফট, নিরাপত্তা বাতি প্রভৃতি যুক্ত থাকে। এই মিটারে তাঁর মাসে সর্বোচ্চ বিল হয় ১৮ হাজার টাকা। কিন্তু গত তিন মাসে তা বাড়তে বাড়তে ২৯ হাজার টাকায় উঠেছে। এর মধ্যে জুন ও জুলাই—এ দুই মাসের বিলে বিদ্যুৎ ব্যবহারে কোনো ব্যবধান নেই। বিল স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ হাজার টাকা বেশি।এই গ্রাহক তাঁর বিলগুলো দেখালেও ঠিকানা প্রকাশ করতে রাজি হননি। কারণ হিসেবে জানালেন, ইতিমধ্যে বিদ্যুৎ কার্যালয়ের সঙ্গে তাঁর কথা হয়ে গেছে। কিছু বাড়তি টাকার বিনিময়ে তিনি বাড়তি বিলের বোঝা থেকে নিস্তার পাবেন।স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দ্বিগুণ বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেছেন মিরপুর ৬ নম্বর সেকশন; উত্তরার কবি জসীমউদ্দীন অ্যাভিনিউর আশপাশে বসবাসরত এবং কাঁঠালবাগান এলাকার কয়েকজন গ্রাহক। তবে এ সমস্যা ঢাকার সব এলাকার গ্রাহকদের। ঢাকার বাইরের অনেক এলাকা থেকেও একই অভিযোগ পাওয়া যাচ্ছে।ভুতুড়ে বিলের হয়রানির শিকার অনেক গ্রাহক সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন কমই। অনেকে প্রতিকার পাবেন না ধরে নিয়ে বাড়তি বিলই দিয়ে যাচ্ছেন। অবশ্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) সূত্রগুলো প্রথম আলোকে জানায়, গ্রাহকের অভিযোগ সঠিক প্রমাণিত হলে তারা বিল সংশোধন করে দিচ্ছে। তবে অভিযোগ সঠিক প্রমাণ করতে গ্রাহকের অনেক শ্রম দিতে ও ঘাম ঝরাতে হয়।ডিপিডিসি ও ডেসকোর সূত্রগুলো জানায়, তাদের অধিকাংশ এলাকার বিল করার কাজটি ঠিকাদারদের দিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো ঠিকাদার তাঁর মেয়াদ শেষ হয়ে যাওয়ার দু-এক মাস আগে এ রকম উল্টাপাল্টা কাজ শুরু করেন। এর প্রতিকারের পথ খোঁজা হচ্ছে।গ্রাহকের এ ধরনের সমস্যা দেখার দায়িত্ব আছে এনার্জি রেগুলেটরি কমিশনেরও (বিইআরসি)। অনেক গ্রাহকই তা জানেন না। যাঁরা জানেন, তাঁদের অনেকে বিইআরসির কাছে লিখিত অভিযোগ করে প্রতিকার পেয়েছেন বলে জানা গেছে।এ সম্পর্কে জানতে চাইলে বিইআরসির সদস্য মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, যেকোনো গ্রাহক বিইআরসির কাছে অভিযোগ করতে পারেন। ইতিমধ্যে তাঁদের কাছে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যেসব গ্রাহকের অভিযোগ এসেছে, সেগুলো সম্পর্কে তাঁরা সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির কর্মকর্তাদের অবহিত করে প্রতিকারের ব্যবস্থা করেছেন।ডেসকোর বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে, গত বছর তারা গ্রাহকের কাছ থেকে কিছু বাড়তি বিল নিয়েছিল। বিষয়টি সম্পর্কে বিইআরসি কৈফিয়ত চাইলে ডেসকো বলেছিল, গ্রাহকের পরবর্তী বিলের সঙ্গে ওই বাড়তি বিল সমন্বয় করে দেওয়া হবে। কিন্তু এখনো তা হয়নি।এ সম্পর্কে দেলোয়ার হোসেন বলেন, বিইআরসি ডেসকোকে নির্দেশনা দিয়েছিল বিল ফেরত দিয়ে তা জানাতে। কিন্তু ডেসকো সে বিষয়ে এখনো বিইআরসিকে কিছু জানায়নি। এরপর বিদ্যুতের দাম সমন্বয়ের সময় এ ব্যাপারে তাদের ধরা হবে।